নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভাভরিঙ্কা

ম্যাচের আগে রাফায়েল নাদাল আর স্তানিসলাস ভাভরিঙ্কার তুলনা হচ্ছিল দৈত্য গোলিয়াথের আর পুঁচকে ডেভিডের সঙ্গে। আসলে পরিসংখ্যান কিংবা ইতিহাসই এমন তুলনা করতে বাধ্য করেছিল। আজ অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে ভাভরিঙ্কা প্রমাণ করলেন, প্রতিভার কাছে পরিসংখ্যান-টরিসংখ্যান তুচ্ছ! রড লেভার অ্যারেনায় নাদালের ১৪ নম্বর গ্র্যান্ডস্লামের স্বপ্ন ধূলিসাত্ করে নিজের গ্র্যান্ডস্লামের আজন্ম স্বপ্নটাকেই বাস্তবায়ন করলেন ভাভরিঙ্কা।
সুইস টেনিস তারকা চার সেটে গড়ানো ম্যাচে নাদালকে হারালেন ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে। অবশ্য নাদালের তুলনায় ভাভরিঙ্কার আনফোর্সড এরর ছিল বেশি। ভাভরিঙ্কার আনফোর্সড এরর ৪৯, নাদালের ৩২। তবে মোট পয়েন্টে ভাভরিঙ্কা ঢের এগিয়ে, পেয়েছেন ১১৬। সেখানে নাদালের ৮৮।
নাদাল-বধের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভাভরিঙ্কা। বললেন, ‘আমার জন্য এটা সেরা গ্র্যান্ডস্লাম। এখানে খেলা ভীষণ উপভোগ করছি। এক বছরে অনেকে কিছু ঘটেছে।’ আকাশে উড়তে থাকা সুইস তারকা বললেন, ‘এখনো বুঝতে পারছি না, স্বপ্ন দেখছি; নাকি অন্যকিছু। ঠিক আছে, কাল সকালে দেখা হবে।’
পরাজয়ের বেদনায় নীল নাদাল অশ্রুসজল চোখে বললেন, ‘অনেক ধন্যবাদ স্তান (ভাভরিঙ্কা)। তুমি সত্যি এর যোগ্য। তোমার জন্য ভীষণ ভালো লাগছে। আজ তোমার বিপক্ষে আমার কপালটা খারাপই ছিল। কিন্তু তুমি সত্যি এর যোগ্য।’