নাদালকে হারিয়ে মারের শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ডি মারের বিপক্ষে আগের ১৭ সাক্ষাতে ১৩ বারই জিতেছেন রাফায়েল নাদাল। জিতেছেন সর্বশেষ পাঁচবারই। কাল টোকিওতেও হারাতে পারলে পিট সাম্প্রাসেরর ছোট্ট এক কীর্তিতে ভাগ বসাতে পারতেন। সাম্প্রাসের পর প্রথম তারকা হিসেবে টানা দ্বিতীয়বারের মতো হাতে তুলে নিতে পারতেন জাপান ওপেনের শিরোপা। জাপান ওপেনে সর্বশেষ টানা দুবার শিরোপা জেতার কীর্তি সাম্প্রাসের, ১৯৯৩-১৯৯৪ সালে। কিন্তু বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদালের সেই আশা গুঁড়িয়ে শিরোপা উৎসব করলেন মারে।ইউএস ওপেনের ফাইনালে হারের পর জাপান ওপেনেই প্রথম কোর্টে নামেন নাদাল। চার ম্যাচ জিতে ফাইনালে ওঠেন এবং ফাইনালে প্রথম সেট জিতে শিরোপার সম্ভাবনাও জাগিয়ে তোলেন। কিন্তু আগের সপ্তাহেই ব্যাংককে থাইল্যান্ড ওপেন জেতা মারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন ৩-১-তে পিছিয়ে থাকা দ্বিতীয় সেটটি। তৃতীয় সেটে নাদালকে স্রেফ উড়িয়ে দিয়েছেন র‌্যাঙ্কিংয়ের চারে থাকা স্কটিশ। ম্যাচের স্কোরলাইন ৩-৬, ৬-৩, ৬-০। রয়টার্স।