নাদালকে হারিয়ে শিরোপা জকোভিচের
এর আগে দুবার ইউএস ওপেনের ফাইনালে পৌঁছালেও শিরোপাটা অধরাই থেকে গিয়েছিল নোভাক জকোভিচের। গত বছর ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে শেষ হয়েছিল তাঁর ইউএস ওপেন জয়ের স্বপ্ন। তবে এবার প্রতিশোধটা বেশ ভালো মতোই নিলেন এই সার্বিয়ান টেনিস তারকা। গতকাল রাফায়েল নাদালকে ৬-২, ৬-৪, ৬-৭, ৬-১ গেমে হারিয়ে প্রথমবারের মতো জিতলেন ইউএস ওপেন শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের পর গতকাল বছরের তৃতীয় গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বাদ পেলেন টেনিস র্যাঙ্কিংয়ের এই এক নম্বর তারকা।গতকাল শিরোপা জয়ের পর জকোভিচ বলেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না। এটা একটা বিস্ময়কর অনুভূতি। এই বছরটা আমার দারুণ কাটছে। নাদালের বিপক্ষে খেলাটা সব সময়ই একটা বড় চ্যালেঞ্জ। আমি তাঁকে অভিবাদন জানাচ্ছি। আর আশা করছি ভবিষ্যতেও আমরা অনেক কঠিন কঠিন ম্যাচে মুখোমুখি হব।’গত বছরও টেনিস জগতে নিজের আধিপত্য বেশ জোরালোভাবেই ঘোষণা করেছিলেন নাদাল। পূর্ণ করেছিলেন ক্যারিয়ার গ্রান্ড স্ল্যাম। কিন্তু এবার জকোভিচের কাছে মাথা নোয়াতে হয়েছে এই স্প্যানিশ তারকাকে। এ বছর পাঁচবার জকোভিচের মুখোমুখি হয়ে একবারও জয়ের দেখা পাননি তিনি। গতকাল ফাইনালে হারের পরে নিজের হতাশা প্রকাশ করলেও জকোভিচের শ্রেষ্ঠত্বও মেনে নিয়েছেন নাদাল। বলেছেন, ‘অবশ্যই আমি এখন কিছুটা হতাশ। কিন্তু জকোভিচ খুবই অবিশ্বাস্য রকম ভালো খেলেছে। আমি প্রতিটা মুহূর্তেই আমার সেরাটা খেলার চেষ্টা করেছি। কিন্তু প্রতিটা সময়ই সে দুর্দান্তভাবে খেলায় ফিরেছে।’ রয়টার্স।