নাদালে মজেছেন বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিস বেকারের
বরিস বেকারের

সর্বকালের সেরা টেনিস তারকা হওয়ার সম্ভাবনায় খুব বেশি পিছিয়ে নেই রাফায়েল নাদাল—অভিমত টেনিসের আরেক গ্রেট বরিস বেকারের। সর্বকালের সেরা হতে রজার ফেদেরারের ১৭টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড স্পর্শ করতে হবে তো! বেকার মনে করেন, নাদালের পক্ষে ১৭টি গ্র্যান্ডস্লাম জিতে আরও এগিয়ে যাওয়া মোটেও অসম্ভব কিছু নয়।
জার্মান টেনিস কিংবদন্তি নাদালকে নিয়ে কথা বলতে খুবই ভালোবাসেন, ‘নাদালকে নিয়ে কথা বলাটা সব সময়ই আনন্দের। কী দুর্দান্ত প্রত্যাবর্তন। বিশ্ব ক্রীড়ার ইতিহাসেই এমন ঘটনা বিরল।’
বেকারের কাছে নাদাল বই থেকে উঠে আসা এক রোমাঞ্চের নায়ক, ‘নাদালের পুরো প্রত্যাবর্তনের ব্যাপারটি যেন বই থেকে উঠে আসা এক ঘটনা।’
ফেরার পর নাদাল অষ্টমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। উইম্বলডনটা ভালো না কাটলেও ধারাবাহিক পারফরম্যান্সে ফিরে এসেছেন নিজের টেনিসের এক নম্বর স্থানটিতে।
কোর্টের বাইরে থাকার সময় নাদালের সঙ্গে দেখা হওয়ার স্মৃতিচারণা করেছেন বেকার, ‘বছরের শুরুতে রাফার সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন ও চোটে কাবু। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর বছর শেষে কী দেখছি, রাফা আবার ফিরেছে এক নম্বর স্থানটিতে!’

বেকার স্বীকার করেছেন, বছর খানেক আগেও নাদালকে নিয়ে এতটা আশাবাদী তিনি হতে পারতেন না, ‘এক বছর আগেও আমি এতটা সাহসী হতে পারতাম না। আমি বলতে পারতাম না যে নাদাল সর্বকালের সব রেকর্ড নিজের করে নিতে পারবে।’

এখন বলছেন। কারণ তিনি জানেন, নাদালের পক্ষে কোনো কিছুই আর অসম্ভব নয়। নাদালের বয়সের ব্যাপারটি মাথায় রেখেই তাঁর ব্যাপারে এতটা আশাবাদী তিনি, ‘ওর বয়স তো মাত্র ২৭। আরও চারটি গ্র্যান্ডস্লাম সে জিততেই পারে।’

টেনিসের বাইরে বায়ার্ন মিউনিখ বেকারের প্রাণ। তিনি ভক্ত পেপ গার্দিওলারও। মাত্র ১৭ বছর বয়সে ১৯৮৫ সালে উইম্বলডন জেতা বেকার মনে করেন, গার্দিওলার কোচিংয়ে বায়ার্নের খেলা এখন অনেক বেশি পরিশীলিত। ক্লাব বিশ্বকাপের ব্যাপারেও বায়ার্নকে নিয়ে আশাবাদী বরিস বেকার। ওয়েবসাইট।