নাদালের আবার ফেদেরার-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্মের সেরা দুই টেনিস খেলোয়াড়ের দেখা নেই এক বছরেরও বেশি! অবশেষে টেনিসপ্রেমীদের তৃষ্ণা মিটছে, মাদ্রিদ মাস্টার্সের ফাইনালে দেখা হলো রজার ফেদেরার ও রাফায়েল নাদালের। ফেদেরার-ভক্তরা মনে করতে পারেন, দেখাটা না হওয়াই ভালো ছিল! কারণ, মাদ্রিদে রজার ফেদেরারকে ৬-৪, ৭-৬ (৭/৫) ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে রাফায়েল নাদাল। বছরের দিক থেকে দেখলে এটি নাদালের হ্যাটট্রিক শিরোপা। আর মাদ্রিদ মাস্টার্সের হ্যাটট্রিক শিরোপা মিস করেছেন ফেদেরার। ওদিকে মেয়েদের কোর্টে রীতিমতো চমক। ভেনাস উইলিয়ামসকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন ফ্রান্সের আরভানে রেজাই। ২৩ বছর বয়সী রেজাইয়ের এটি মাত্র তৃতীয় ডব্লুটিএ শিরোপা।পুরুষদের বিভাগে দুজনের ‘হ্যাটট্রিক’ করার সুযোগ ছিল। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার শিরোপা জিতেছিলেন ২০০৬ সালেও। এবার জিতে হ্যাটট্রিকটা করা হলো না। সেটা পেরেছেন নাদাল। এই টুর্নামেন্টে এসেছেন মন্টে কার্লো ও রোমের শিরোপা জিতে। দুজনের ফাইনালে আসার ধরনেও ছিল মিল, সেমিফাইনালে একটি করে সেট হেরেছেন দুজনই। স্বদেশি নিকোলাস আলমাগ্রোকে ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিয়ার্ড নাদাল। স্পেনেরই ডেভিড ফেরারকে ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ফেদেরার। ফেদেরারের বিপক্ষে ক্লে-কোর্টে নাদালের এটি ১২ ম্যাচে দশম জয়, সব মিলিয়ে ১৪তম জয়। এএফপি।