শেষ পর্যন্ত রাফায়েল নাদালই গড়ে ফেললেন ইতিহাস। নোভাক জোকোভিচকে হারিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড সপ্তম শিরোপা। সব মিলিয়ে ১১তম গ্র্যান্ড স্লাম।ইতিহাসের হাতছানি ছিল জোকোভিচের সামনেও। জিতলে এই সার্বিয়ান গড়তে পারতেন ইতিহাসের তৃতীয় এবং ১৯৬৯ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য কীর্তি। কিন্তু প্রিয় কোর্টে নাদাল নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ‘শত্রু’র ইতিহাস গড়ার সাক্ষী হবেন কেন! কীর্তি গড়ে ফেললেন তাই নিজেই।জয়ের পথটা তৈরি করে রেখেছিলেন আগের দিনই। দুই দফা বৃষ্টির কারণে খেলা পণ্ড হয়ে যাওয়ার আগে এগিয়ে ছিলেন ৬-৪, ৬-৩, ২-৬, ১-২-এ। কাল ‘অতিরিক্ত দিনে’ কাজ সারতে খুব বেশি দেরি করেননি স্প্যানিয়ার্ড। ৯ গেমের ৬টিতেই জিতে মেতে ওঠেন উৎসবে। সুইডিশ কিংবদন্তি বিয়ন বোর্গকে পেছনে ফেলে ইতিহাসে জায়গা করে নেন এককভাবে। স্কোর: ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫।ম্যাচ শেষে জোকোভিচ মেনে নিলেন, শিরোপা উঠেছে যোগ্যের হাতেই, ‘আরেকটি শিরোপা জয়ের জন্য রাফাকে অভিনন্দন। সে গ্রেট খেলোয়াড়। তবে আশা করি, আগামী বছর ফিরে আসব এবং ভালো কিছু করব।’ আর যিনি ইতিহাস গড়লেন, তিনি? অবিস্মরণীয় জয়ের পর স্বাভাবিকভাবেই নাদালের উচ্ছ্বাসটা ছিল বাঁধভাঙা, ‘আমার জন্য এটা দারুণ এক সম্মান এবং টুর্নামেন্টটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার দৃষ্টিতে সবচেয়ে সেরা। এটা আমার জন্য অবিস্মরণীয় এক মুহূর্ত। ট্রফিটা হাতে নিয়ে আমি সত্যিই আবেগাক্রান্ত। এটা সম্ভবত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।’ এএফপি, রয়টার্স।