নাদালের কাছে অলিম্পিকই বেশি গুরুত্বপূর্ণ
টেনিস জগতে বছরে চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার লড়াইকেই সবচেয়ে মর্যাদাপূর্ণ বলে বিবেচনা করা হয়। তবে এবার একটু ভিন্ন কথা বললেন রাফায়েল নাদাল। এ সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা গ্র্যান্ড স্লাম নয়, সবচেয়ে মর্যাদার আসন দিচ্ছেন অলিম্পিকের সোনা জয়কে। এবার দ্বিতীয়বারের মতো অলিম্পিক সোনা জয়ের মিশন নিয়ে লন্ডনে যাচ্ছেন ১০টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এই স্প্যানিশ তারকা।গতবারের বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন রাফায়েল নাদাল। এবার টানা দ্বিতীয়বারের মতো সোনা জয়ের লক্ষ্যে লন্ডন অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে নাদাল বলেছেন, ‘অলিম্পিকটা আমার কাছে অনেক কারণেই খুব গুরুত্বপূর্ণ। কারণ, এটা সবচেয়ে বড় একটা ক্রীড়ানুষ্ঠান, যেখানে আপনি নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। আমি যখন এখানে খেলি, তখন মনে হয় আমি স্পেনের অন্যান্য অ্যাথলেটদের সঙ্গেও যুক্ত আছি।’ আগামী জুলাই-আগস্ট মাসে লন্ডন অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে লড়বেন নাদাল।দেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগিতাগুলো যে নাদালের কাছে সত্যিই আলাদা অর্থ বহন করে, সেটার প্রমাণ আবারও দিলেন স্পেনের এই টেনিস তারকা। অতিরিক্ত ব্যস্ততার জন্য এ বছরের ডেভিস কাপে খেলবেন না বলেই আগে জানিয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করছেন নাদাল। তিনি বলেছেন, ‘ডেভিস কাপ শুরু হতে এখনো বেশ কয়েক মাস বাকি আছে। আর এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও আছে। কাজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এখনো আরও কিছু সময় নিতে চাই।’ রয়টার্স।