নাদালের কাছে হারলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির ফাঁদে পড়ে গত বছরের বেশির ভাগ সময়ই কোর্টের বাইরে কাটিয়েছেন রাফায়েল নাদাল। তবে এ বছর আবার দাপটের সঙ্গেই টেনিস জগতে ফিরে এসেছেন এই স্প্যানিশ তারকা। আজ ইতালিয়ান ওপেনের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে জিতে নিয়েছেন এ বছরের ষষ্ঠ শিরোপা। ৬-১, ৬-৩ গেমে ম্যাচটি জিততে নাদাল সময় নিয়েছেন মাত্র ৬৯ মিনিট।২০০৬ সালের ইতালিয়ান ওপেনের ফাইনালে টেনিসপ্রেমীদের স্মরণীয় একটি ম্যাচ উপহার দিয়েছিলেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা সেই ম্যাচটিতে শেষ পর্যন্ত ৬-৭ (০-৭) ৭-৬ (৭-৫) ৬-৪ ২-৬ ৭-৬ (৭-৫) গেমের ঘামঝরানো জয় পেয়েছিলেন নাদাল। তবে এবার ফেদেরারকে খুব সহজেই ধরাশায়ী করেছেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। প্রথম সেটটা খুব সহজেই জিতেছেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ফেদেরার। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এবার নাদাল পান ৬-৩ গেমের জয়। সহজ এই জয় দিয়ে সপ্তমবারের মতো ইতালিয়ান ওপেন শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নাদাল।ম্যাচশেষে শিরোপা হাতে নিয়ে নাদাল বলেছেন, ‘এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। গত বছর আমি খুবই কঠিন কিছু সময় পার করেছি। তারপর এভাবে ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’— রয়টার্স