নাদালের জন্মদিনে দুই মহারণ
শুভ জন্মদিন রাফা!বলা হলো বটে, কিন্তু শেষ পর্যন্ত রাফায়েল নাদালের ২৫তম জন্মদিনটা ‘শুভ’ হবে কি না, সেটি নির্ভর করছে তাঁর ওপরই। আজ নিজের জন্মদিনেই নাদাল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন অ্যান্ডি মারের। ফ্রেঞ্চ ওপেনের ‘মহা শুক্রবারে’ আজ অন্য সেমিফাইনালে মুখোমুখি রজার ফেদেরার আর নোভাক জোকোভিচ। পুরুষ এককের শীর্ষ চার বাছাই-ই অনুমিতভাবে উঠে এসেছেন সেরা চারে। সেরা চারের এই শেষ চারের লড়াইয়ে অপেক্ষা করছে একগাদা রেকর্ডও।আজ জিতলেই র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে যাবেন জোকোভিচ। এটি হবে এ বছরে তাঁর টানা ৪২তম জয়। এই সার্বিয়ান ছুঁয়ে ফেলবেন জন ম্যাকেনরোর মৌসুমের শুরু থেকে অপরাজিত থাকার রেকর্ড। ফেদেরারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ১৩-৯-এ পিছিয়ে আছেন ঠিকই, কিন্তু জোকোভিচকে মানসিকভাবে এগিয়ে রাখছে সর্বশেষ মুখোমুখি তিন ম্যাচেই তাঁর জয়। কিন্তু কাজটা মোটেও সহজ হবে না। ২০০৯ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ফেদেরার টানা ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠে এলেন একটি সেটও না হেরে।জমজমাট একটা লড়াইয়ের পূর্বাভাসই পাওয়া যাচ্ছে। খোদ নাদালও মনে হচ্ছে নিজের ম্যাচের চেয়ে এই ম্যাচ নিয়ে বেশি উত্তেজিত। মাটির কোর্টের রাজা বলছেন, ‘এই ম্যাচে সর্বকালের সেরা খেলোয়াড়টির সঙ্গে লড়াই হবে এ মুহূর্তের সেরা খেলোয়াড়টির।’এ মুহূর্তে আসলেই সেরা জোকোভিচ। গত বছর ডিসেম্বরের ডেভিস কাপের ফাইনাল থেকেই জয়যাত্রা অব্যাহত আছে তাঁর। ওই ম্যাচ থেকে হিসাব করলে টানা ৪৩ ম্যাচে অপরাজিত। এবারও মাত্র একটি সেট হেরেছেন, কোয়ার্টার ফাইনালে অবশ্য ওয়াকওভার পেয়েছেন। ফেদেরার কিন্তু সেখানে একটি সেটও হারেননি।অন্যদিকে নাদাল নিজেই তাঁর খেলা নিয়ে সন্তুষ্ট নন। যদিও প্রথম ম্যাচেই ‘ম্যারাথন ম্যান’ জন ইসনারের কাছে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর বাকি পথটুকু অনায়াসেই পেরিয়ে এসেছেন। পরের চারটি ম্যাচই জিতেছেন সরাসরি সেটে।নাদালের সামনেও রেকর্ডের হাতছানি। আর দুটি ম্যাচ জিতলেই ওপেন যুগে সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ডে বিয়ন বোর্গের পাশে বসে যাবে তাঁর নাম। আর মারের সামনে তো একদিক দিয়ে আরও বড় অর্জন ছোঁয়ার অপেক্ষা। আজ জিতলেই ১৯৩৭ সালে বানি অস্টিনের পর প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠবেন। অবশ্য মুখোমুখি লড়াইয়ে ১০-৪-এ শুধু পিছিয়েই নেই, মাটির কোর্টে কখনোই নাদালের বিপক্ষে জেতা হয়নি মারের। এএফপি।