নাদালের জন্য শুভকামনা ফেদেরারের
ইনজুরির সঙ্গে লড়ছেন রাফায়েল নাদাল। গত জুনে উইম্বলডনের দ্বিতীয় পর্বে সবাইকে অবাক করে দিয়ে বিদায় নেওয়ার পর থেকেই কোর্টের বাইরে আছেন সাতবারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী। ইনজুরির মাত্রাটা তাঁর এতটাই বেশি যে, এ বছর কোর্টে না ফেরার সম্ভাবনাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না।নাদালকে কোর্টে খুব মিস করছেন রজার ফেদেরার। তিনি মনেপ্রাণেই চান নাদালের ফেরা।উইম্বলডনের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেওয়ার পরের মাসেই তিনি মিস করেছেন লন্ডন অলিম্পিকের প্রতিদ্বন্দ্বিতা। অলিম্পিকের ঠিক আগ দিয়ে হাঁটুর পুরোনো ইনজুরি মেলেছিল সমস্যার ডালপালা। অলিম্পিকের পর চলতি ইউএস ওপেনও টেলিভিশনে দেখেই কাটছে রাফায়েল নাদালের সময়। ইনজুরির মাত্রার কারণে শঙ্কা জেগেছে এ বছর মাঠে না ফেরার। ব্যাপারটি যথেষ্ট পীড়া দিচ্ছে ফেদেরারকে। তিনি আন্তরিকভাবেই চান, আসন্ন ডেভিস কাপেই যেন নাদাল কোর্টে নেমে টেনিস অনুরাগীদের আনন্দে ভাসাতে পারেন।‘রাফায়েল নাদালের ব্যাপারটি কোনো আদর্শ খবর হতে পারে না। যদি তাঁর এ বছর টেনিস কোর্টে ফেরার সম্ভাবনা না থাকে, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক।’ ফেদেরারের মন্তব্য।ফেদেরার চাইলেও আপাতত নাদালের যে ডেভিস কাপে ফেরা হচ্ছে না, সেটা জানা গেছে প্রতিযোগিতার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই। ডেভিস কাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের যে তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তাতে নেই রাফায়েল নাদালের নাম।ফেদেরার বলেন, ‘ডেভিস কাপে যদি নাদাল না-ও ফিরতে পারে, তাহলে ক্ষতি নেই। আমি চাই সে এ বছরের বাকি সময়টার যেকোনো একটা পর্যায়েই কোর্টে ফিরুক।’টেনিসে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের প্রতিদ্বন্দ্বিতা কিংবদন্তির পর্যায়েই পৌঁছেছে। যদিও টেনিসের এই দুই গ্রেট খেলোয়াড়ের কোর্টের বাইরের সম্পর্ক অসাধারণ। আট বছর ধরে এই দুই টেনিস তারকার প্রতিদ্বন্দ্বিতাটা চলেছে গ্র্যান্ডস্ল্যাম শিরোপা ও বিশ্ব টেনিসের র্যাংকিং—দুই নিয়েই। টেনিসের সর্বশেষ ৩০টি বড় প্রতিযোগিতার ২৪টির শিরোপা ভাগাভাগি করেছেন এই দুই সুদর্শন টেনিস তারকা।তাঁদের দুজনের মধ্যে আনুষ্ঠানিকতার কোনো ব্যাপার নেই বলেই জানিয়েছেন ফেদেরার। তিনি বলেন, ‘আমাদের দুজনের মধ্যে আনুষ্ঠানিকতা বা রাখঢাকের কোনো ব্যাপার নেই। আমরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই একে অন্যের সঙ্গে আলাপ চালিয়ে যাই।’ নাদালের সঙ্গে সাম্প্রতিক আলাপের উদাহরণ দিয়ে ফেদেরার বলেন, ‘কিছুদিন আগে ওর সঙ্গে কথা হলো, ওকে জিজ্ঞেস করলাম শারীরিক ব্যাপারে। সে আমাকে বলেছে, ইনজুরিটা ওকে যথেষ্ট ভোগাচ্ছে। এ মুহূর্তে নাদাল ইনজুরি নিয়ে কিছুটা ক্লান্তও বোধ করছে।’ ফেদেরার বলেন, ‘কোর্টে আমরা চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ওই পর্যন্তই। সম্পর্ক কতটা গভীর হলে আমরা একে অন্যের সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করতে পারি।’ তাঁদের দুজনের সম্পর্কটা বিশ্বাসের পর্যায়েই আছে বলে জানিয়েছেন রজার ফেদেরার। চলতি ইউএস ওপেনে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছেন রজার ফেদেরার। জানিয়েছেন, ভালো খেলেই তিনি আবার বিশ্বের টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি ফিরে পাবেন।গত ইউএস ওপেনে সেমিফাইনালের হূদয় ভেঙে দেওয়া হারটা এখনো পোড়ায় ফেদেরারকে। ওই ম্যাচে তিনি নোভাক জোকোভিচের কাছে ২-০ সেটে এগিয়ে থেকে এবং দুটি ম্যাচ পয়েন্ট হাতে নিয়েও হেরে গিয়েছিলেন। এবার তেমন কিছুর পুনরাবৃত্তি হবে না বলেই বিশ্বাস এই সুইস টেনিস তারকার।তিনি বলেন, ‘ওই ম্যাচটা পোড়ালেও আসলে করার কিছু নেই। ম্যাচটি নিয়ে এখনো ভাবছি আমি।’২০১২ সালে ইতিমধ্যেই ছয়টি শিরোপা নিজের করে নিয়েছেন রজার ফেদেরার। তবে অলিম্পিকের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হেরে গিয়ে সোনার পদকটি না খোয়ালে, এ বছরের সাফল্যগাথা আরও দৃষ্টিনন্দন হতে পারত তাঁর। ওয়েবসাইট।