নাদালের জাপান জয়
টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল ক্যারিয়ারে প্রথমবার গেছেন জাপানে। বিশ্বসেরা তারকাকে কাছে পেয়ে জাপানিদের সে কী উন্মাদনা! এক নজর দেখতে, আজীবনের স্মৃতি একটা অটোগ্রাফ নিতে সপ্তাহজুড়েই যেন নাদাল-জ্বরে কাঁপছিল টোকিও। নাদালও হতাশ করেননি। ফ্রান্সের গায়েল মনফিলসকে হারিয়ে জিতে নিয়েছেন জাপান ওপেনের শিরোপা। পকেটে পুরেছেন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডনের পর ইউএস ওপেন জিতে আকাশে উড়তে থাকা নাদাল গত সপ্তাহে নেমেছিলেন থাইল্যান্ড ওপেনে। কিন্তু ব্যাংকক সমর্থকদের হতাশ করে স্বদেশি গিলের্মো গার্সিয়া লোপেজের কাছে হেরে সেমিফাইনালেই বিদায় নেন। জাপানে এসে মেটালেন সেই হতাশা। ফাইনালে মনফিলসকে হারিয়েছেন সরাসরি ৬-১, ৭-৫ গেমে।এই বছরে এটি সপ্তম শিরোপা, ক্যারিয়ারের ৪৩তম। কাতার ওপেনের ফাইনালে হারের পর অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেই বিদায়—বছরটা কী বাজেভাবেই না শুরু করেছিলেন। অথচ শেষে এসে দেখা যাচ্ছে, ২০১০ সালটাই গেল নাদালের ক্যারিয়ার-সেরা। তিনটি গ্র্যান্ড স্লামসহ শিরোপা সাতটি, জয়-পরাজয়ের রেকর্ডটা ৬৬-৮! নাদালকে ঘিরে জাপানি সমর্থকদের উন্মাদনার চড়া রংটা একটা তথ্যেই যথেষ্ট, শিরোপা হাতে নাদাল ছবির জন্য পোজ দিয়েছেন ১০ হাজার সমর্থককে সঙ্গে নিয়ে! রয়টার্স।