নাদালের জয় হারলেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে পারেননি। তবে আরেকটি টুর্নামেন্টে শিরোপা সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল করে তুলছেন রাফায়েল নাদাল। দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে থেকে চিলির টুর্নামেন্ট দিয়ে ফেরা এই স্প্যানিয়ার্ড উঠেছেন ব্রাজিল ওপেনের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কার্লোস বারলককে হারিয়েছেন ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে। নাদাল প্রথম সেটটা শুধু হারেনইনি র‌্যাঙ্কিংয়ের ৭৮ নম্বরে থাকা প্রতিপক্ষকে হারাতে আড়াই ঘণ্টায় বেশ ঘামও ঝরাতে হয়েছে। আজ বাংলাদেশ সময় ভোরে সেমিফাইনালটি হয়ে যাওয়ার কথা। কষ্টার্জিত এই জয়েও নাদাল খুশি, ‘আমার কাছে এখন প্রত্যেক জয়ই গুরুত্বপূর্ণ। আজ এই ম্যাচে যেমনটা হয়েছে, আমার এমন কিছু আঘাত দরকার যেন আমি লড়াই করার তাগিদটা পাই। এই প্রথম এখানে তিনটি সেট খেলতে হলো। এটা আমাকে শারীরিকভাবে সাহায্য তো করছেই, আমার আত্মবিশ্বাসও ফিরিয়ে দিচ্ছে।’ওদিকে রডারডামে অখ্যাত এক খেলোয়াড়ের কাছে হেরে গেছেন রজার ফেদেরার। হল্যান্ডের এই টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে চমকে দিয়েছেন ফরাসি টেনিস খেলোয়াড় জুলিয়েন বেন্নেতিয়াও। কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে হেরেছেন (৬-৩, ৭-৫) টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী। ফেদেরার ম্যাচ শেষে বলেছেন, ‘আমি খুবই হতাশ। এই ম্যাচ নিয়ে আমার অনুতাপের শেষ নেই।’ এএফপি।