নাদালের জয়রথ ছুটছেই
চোট যে তাঁর র্যাকেটে এতটুকু মরচে ফেলতে পারেনি, সেটা প্রমাণ করেই চলেছেন রাফায়েল নাদাল। চোট থেকে ফিরে ইতিমধ্যেই তিনটি শিরোপা জিতেছেন। তাঁকে হাতছানি দিচ্ছে আরেকটি শিরোপা। কাল ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়ে উঠে গেছেন মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে। জিতেছেন ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে।প্রিয় মাটির কোর্টের টুর্নামেন্ট বলেই শুধু নয়, ফ্রান্সের মোনাকোর এই টুর্নামেন্টটি এমনিতেই নাদালের জন্য বিশেষ কিছু। ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত—সর্বশেষ আটবারই এখানে শিরোপা উৎসব করেছেন নাদাল। যা শুধু মন্টে কার্লোরই রেকর্ড নয়, উন্মুক্ত যুগে কোনো টুর্নামেন্টে কারও টানা আটবার শিরোপা জয়ের অনন্য রেকর্ডও। কালকের জয়ে এখানে তাঁর জয়-পরাজয়ের অনুপাত ৪৮: ১! ফাইনালে তাঁর প্রতিপক্ষ টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। অন্য সেমিফাইনালে ফ্যাবিও ফগনিনিকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেওয়া জোকোভিচের চোখে মন্টে কার্লোর প্রথম শিরোপা জয়ের স্বপ্ন। সার্বিয়ান তারকার সামনে সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ারও। ২০০৯ ও ২০১২ সালে এই জোকোভিচকে হারিয়েই যে শিরোপা জিতেছিলেন নাদাল। এর আগে পরশু কোয়ার্টার ফাইনালে নাদাল ‘বেবি ফেদেরার’ নামে পরিচিত বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রোভকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে পা রাখেন সেমিতে। এএফপি।