নাদালের টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত মাস চোটের কারণে নামতে পারেননি টেনিস কোর্টে। সংশয় তাই ছিলই, আগের সেই অপ্রতিরোধ্য রাফায়েল নাদালকে দেখা যাবে তো? দুর্জনদের মুখে ছাই দিয়ে নাদাল যেন ফিরছেন পুরোনো রূপেই, স্বদেশি নিকোলাস আলমাগ্রোকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে গতকাল উঠে গিয়েছেন মেক্সিকান ওপেনের ফাইনালে। চোট কাটানোর পর এটার তাঁর টানা তৃতীয় একক ফাইনাল। এই বছরেই চিলির ভিনা দেল মারের ফাইনালে হেরে গেলেও ব্রাজিল ওপেনে জিতেছেন বছরের প্রথম শিরোপা। এএফপি।১ ঘণ্টা ৪৮ মিনিটে সেমিফাইনালটি জিতে স্বস্তিই যেন বেশি পেয়েছেন নাদাল, ‘ম্যাচের শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম। কারণ এর আগে যেভাবে চেয়েছিলাম সেভাবে বলটা মারতে পারিনি। তবে এটাও ঠিক, এমন একজনের সঙ্গে খেলেছি যে বলটাকে অনেক জোরে মারতে পারে। দ্বিতীয় সেটে অবশ্য আমি আরেকটু আক্রমণাত্মক খেলতে শুরু করি। শটগুলোও ভালো হচ্ছিল।’ ফাইনাল জিততে পারলে সেটি মাটির কোর্টে ৩৮তম শিরোপা হবে নাদালের। ফাইনালে এই স্প্যানিয়ার্ডের প্রতিপক্ষ আরেক স্প্যানিয়ার্ড, শীর্ষ বাছাই ও তিনবারের চ্যাম্পিয়ন ডেভিড ফেরার। জোকোভিচের শিরোপা: ফাইনালে এসে আর পারলেন না টমাস বার্ডিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে ফাইনালে আসা চেক তারকাকে কাল ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দুবাইয়ে আরেকটি শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। দুবাই ওপেনে এটা সার্বিয়ান তারকার চতুর্থ শিরোপা। এ নিয়ে ১৮ ম্যাচে অপরাজিত জোকোভিচ।