নাদালের নতুন উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেদেরার পরশু ছিলেন স্বরূপেই  এএফপি
ফেদেরার পরশু ছিলেন স্বরূপেই এএফপি

কষ্টটা মেনে নেওয়া তো বটেই, ওটা বরং উপভোগ করতেই শিখেছেন রাফায়েল নাদাল। চোটের যন্ত্রণা সয়ে কীভাবে লড়তে হয় শিখেছেন। এই লড়াইয়ে আরও শক্তিশালীই হয়েছেন। ক্যারিয়ারঘাতী হাঁটুর চোট থেকে ফেরার পর এই স্প্যানিশ টেনিস তারকার অবিশ্বাস্য ধারাবাহিকতাই সেটার প্রমাণ। পরশু নাদাল নিজেই বললেন ওই দুঃসময়টাই শাপেবর হয়ে এসেছে তাঁর জন্য। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের রজারিও দুত্রা সিলভাকে ৬-২, ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে নিজের উপলব্ধিগুলো সবার সঙ্গে ভাগাভাগি করেছেন নাদাল।
চোটের কারণে গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় সাত মাস কোর্টের বাইরে ছিলেন, খেলতে পারেননি অলিম্পিক, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন। ২৭ বছর বয়সী নাদাল মনে করছেন ওই যন্ত্রণাদায়ক সময়টাই তাঁকে আরও শক্তিশালী করেছে, ‘কঠিন সময় কাটিয়ে, চোট কাটিয়ে আপনি যখন ফিরবেন, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে প্রতিদিন। আপনাকে প্রস্তুত থাকতে হবে কষ্ট করার জন্য, উপভোগ করতে হবে কষ্টটা, এভাবেই পাল্টাতে হবে পরিস্থিতি।’
পরিস্থিতি যে পাল্টেছে সেটার প্রমাণ এ বছর নাদালের পারফরম্যান্স। পরশুর এই জয়ের পর ২০১৩ সালে হার্ড কোর্টে নাদালের পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয় (১৭-০)। চোট কাটিয়ে ফেরার পর জেতা নয়টি টুর্নামেন্টের তিনটিই হার্ড কোর্টের। দ্বিতীয় ইউএস ওপেন জয়ে নাদালের পক্ষে বাজি ধরার লোক বাড়ছেই।
সেই পথে নাদালের সামনে আছে বড় বাধাও। সবকিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালেই ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরারের মুখোমুখি হবেন ১২টি গ্র্যান্ড স্লামজয়ী। পরশু তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে ফেদেরারের। সপ্তম বাছাই হিসেবে ইউএস ওপেন শুরু করা সুইস তারকা ৬-৩, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার কার্লোস বারলককে।

রাফায়েল নাদাল যখন কোর্টে খেলছিলেন, গ্যালারিতে উপস্থিত পুরো নাদাল পরিবার। বোন ইসাবেল আঙুল তুলে কী যেন দেখাচ্ছিলেন নাদাল-বান্ধবী জিসকা ও মা আনা মারিয়াকে। সময়টা যে তাঁদের ভালো কেটেছে সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে! পরশু ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে এএফপি
রাফায়েল নাদাল যখন কোর্টে খেলছিলেন, গ্যালারিতে উপস্থিত পুরো নাদাল পরিবার। বোন ইসাবেল আঙুল তুলে কী যেন দেখাচ্ছিলেন নাদাল-বান্ধবী জিসকা ও মা আনা মারিয়াকে। সময়টা যে তাঁদের ভালো কেটেছে সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে! পরশু ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে এএফপি

এ ম্যাচে ৩৭টি উইনার মেরেছেন ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচটি ইউএস ওপেন জেতা ফেদেরার। আর দুটি ম্যাচ পেরোলেই ইউএস ওপেনে প্রথমবারের মতো নাদালের বিপক্ষে খেলা, তবে এখনই তা নিয়ে ভাবতে রাজি নন উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডেই কাটা পড়া ফেদেরার, ‘আশা করছি সেখানে যাচ্ছি। বড় ভুল হবে যদি আমি এখনই নাদালকে নিয়ে ভাবতে থাকি। তবে এটা স্পষ্ট রাফার সঙ্গে আমার খেলতে ভালোই লাগবে।’
মেয়েদের বিভাগে শীর্ষ দুই বাছাই সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। তবে হেরে গেছেন সামান্থা স্টোসুরকে হারিয়ে হইচই ফেলে দেওয়া ভিক্টোরিয়া ডুভাল।