নাদালের নবম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা নোভাক জোকোভিচ! তাঁর শোকেসে ছয়টি গ্র্যান্ড স্লাম শিরোপা থাকলেও নেই কোনো ফ্রেঞ্চ ওপেন। গত দুবারের মতো এবারও লাল দুর্গ জয়ের পথে বাধার দেয়াল তুলে দাঁড়ালেন রাফায়েল নাদাল। ২০১২ সালে নাদালের কাছে ফাইনালে হেরেছিলেন, পরেরবার সেমিফাইনালে। কালও রোলাঁ গাঁরোতে আরেকবার কাঁদলেন, দীর্ঘশ্বাস ছেড়ে দেখলেন, হাসিমুখে রুপালি ট্রফিটা হাতে তুলে নিচ্ছেন নাদাল। ফ্রেঞ্চ ওপেন জেতাটা অভ্যাস বানিয়ে ফেলা নাদাল ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকাকে। এটি নাদালের নবম ফ্রেঞ্চ ওপেন শিরোপা। গড়েছেন একগাদা কীর্তি—রেকর্ড টানা পাঁচবার ফ্রেঞ্চ ওপেন জেতা প্রথম খেলোয়াড় তিনি। কোনো একটি নির্দিষ্ট গ্র্যান্ড স্লাম নয়বার জেতা প্রথম খেলোয়াড়ও নাদাল। সব মিলিয়ে ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা নাদাল ছুঁয়ে ফেলেছেন পিট সাম্প্রাসকে। সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা রজার ফেদেরারের চেয়ে সংখ্যা মাত্র তিনটি কম। এএফপি।