নাদালের নবম
গত সপ্তাহে মন্ট্রিয়লে রজার্স কাপ জিতেছেন। এক সপ্তাহের ব্যবধানে আরেকটি শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। পরশু ফাইনালে যুক্তরাষ্ট্রের অবাছাই জন ইসনারকে হারিয়ে জিতলেন সিনসিনাটি মাস্টার্সে নিজের প্রথম শিরোপা। জয় ৭-৬ (৭-৩), ৭-৬ (১০-৮) গেমে। মাটির কোর্টের রাজা এই প্রথম টানা দুটি শিরোপা জিতলেন হার্ডকোর্টে। এটি বছরে তাঁর নবম এবং ক্যারিয়ারের ৫৯তম শিরোপা। হার্ডকোর্টে টানা দুটি শিরোপা জয়ের মাধ্যমে ইউএস ওপেনের প্রস্তুতিটা দারুণই হলো নাদালের। সিনসিনাটি মাস্টার্সের শিরোপাটি নাদালের জন্য বয়ে এনেছে আরও একটি সুসংবাদ। অ্যান্ডি মারেকে টপকে উঠে গেছেন র্যাঙ্কিংয়ের দুই নম্বরে। মেয়েদের এককে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশের মেয়ে শুরুটা করেছিলেন ডাবল ফল্ট দিয়ে। প্রথম সেটটা হেরেও যান ৬-২-এ। কিন্তু ঘুরে দাঁড়িয়ে পরের দুটি সেটই জিতে নিশ্চিত করেন সিনসিনাটি মাস্টার্সে নিজের প্রথম শিরোপা। জিতেছেন ২-৬, ৬-২, ৭-৬ (৮/৬) গেমে। আজারেঙ্কার কাছে এ বছর দ্বিতীয়বার হারলেন সেরেনা। এএফপি।