নাদালের পথে ফেদেরার
অঘটনের এক দিন গেল কানাডায়। পরশু মন্ট্রিয়ল ও টরন্টো দেখেছে একের পর এক তারার পতন। মন্ট্রিয়ল মাস্টার্সে অ্যান্ডি মারে ও রাফায়েল নাদালের দেখানো পথেই হেঁটেছেন রজার ফেদেরার। জো-উইলফ্রেড সোঙ্গার কাছে আবারও হেরে বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালের আগেই। টরন্টোতে রজার্স কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না, উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও রানার্সআপ মারিয়া শারাপোভা।তবে তারা পতনের এই দিনেও আপন আলোয় উজ্জ্বল নোভাক জোকোভিচ। বছরের ৫০তম জয় তুলে নিয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। ২০১১-তে একবারই হেরেছেন এই সার্বিয়ান। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারের কাছে। পরশু ক্রোয়েশিয়ান ম্যারিন সিলিচ ৭-৫, ৬-২ গেমে হেরেছেন জোকোভিচের কাছে।১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার টানা দ্বিতীয় ম্যাচে হারলেন ফরাসি জো-উইলফ্রেড সোঙ্গার কাছে। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারার পর এবার মন্ট্রিয়লে শেষ ষোলোতে। গত সোমবার ত্রিশে পা দেওয়া ফেদেরার হেরেছেন ৭-৬ (৭/৩), ৪-৬, ৬-১ গেমে। টরন্টোয় শারাপোভাদের দলে যোগ দেননি সেরেনা উইলিয়ামস। চোট ও গুরুতর শারীরিক অসুস্থতায় অনেকটা সময় কোর্টের বাইরে কাটানো মার্কিন তারকা ইঙ্গিত দিচ্ছেন সেরা ফর্মে ফেরার। অবাছাই সেরেনা চীনের ঝেং জিকে ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন। শারাপোভা হেরেছেন বাছাইপর্ব পেরিয়ে আসা বিশ্বের ১৩৫ নম্বর খেলোয়াড় কাজাখস্তানের গ্যালিনা ভস্কোবোয়েভার কাছে সরাসরি সেটে। এএফপি, রয়টার্স।