নাদালের পর জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাফায়েল নাদাল, এক দিন পর গতকাল শুক্রবার নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেন থেকে একে একে খসে পড়ছে তারকা।পুরুষদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড়ের পর বর্তমান এক নম্বরের বিদায়ের পর কোর্টের রং নিয়ে বিতর্কটা নতুন মাত্রা পেল। পরশু বিদায়-ঘণ্টা বাজার পরই নাদাল ঘোষণা দেন, কোর্টের রং নীলের বদলে আগের মতো লাল করা না হলে আগামী বছর মাদ্রিদ ওপেনে অংশ নেবেন না তিনি। ওই দিন একই ঘোষণা দিয়েছিলেন জোকোভিচও।স্বদেশি জ্যাঙ্কো টিপসারেভিচের কাছে গতকাল ৭-৬, ৬-৩ গেমে হারের পর সরাসরি মাদ্রিদের কোর্টকেই দায়ী করলেন জোকোভিচ। সংবাদ সম্মেলনে বললেন, ‘এই সপ্তাহটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাই আমি। সত্যিকারের কোর্টে খেলার অপেক্ষায় আছি।’নীল রঙের কোর্ট নিয়ে নিজের অবস্থানটা আরেকবার স্পষ্ট করেছেন জোকোভিচ, ‘এ নিয়ে আলোচনার কিছু নেই। বিষয়টা খুবই সাধারণ। আর কখনো এই নীল কোর্টে খেলব না আমি।’ মাদ্রিদ ওপেনে প্রচলিত লাল রঙের কোর্টের বদলে নীল রঙের কোর্ট নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জোকোভিচের মতো টেনিসের শীর্ষ খেলোয়াড়দের। তাঁদের অভিযোগ এই কোর্ট খুবই পিচ্ছিল এবং খেলার উপযোগী নয়।নীল কোর্ট নিয়ে আপত্তি থাকলেও ফেদেরার অবশ্য এগিয়ে এখনো অঘটনের শিকার হননি। নাদাল-জোকোভিচের বিদায়ের পর তিনিই এখন মাদ্রিদ ওপেনের ফেবারিট। সেটা স্বীকারও করে নিয়েছেন ফেদেরার, ‘সম্ভবত আমিই ফেবারিট। অতীতেও আমি এটা জিতেছি। আরেকবার এটা জিততেই পারি আমি। তবে সেরা সেরা খেলোয়াড় বিদায় নেওয়ায় আমাকে বাড়তি সতর্ক থাকতে হবে।’ রয়টার্স।