নাদালের বিদায়, হেনিনের স্বপ্নযাত্রা
আমার মনে হয় গ্র্যান্ড স্লাম জেতা হবে না। আমার মনে হয় তাঁর ভালো সুযোগ আছে এবার। অ্যান্ডি যেভাবে খেলছে তাতে গ্র্যান্ড স্লাম তাঁর প্রাপ্য। প্রথম কথাটি অ্যান্ডি মারের। অজেয় রজার ফেদেরার আর রাফায়েল নাদালের কথা মনে করিয়ে দিয়ে কিছুদিন আগে বলেছিলেন তিনি। দ্বিতীয় কথাটি নাদালের। কাল মারের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে কোর্ট ছাড়ার পর বলেছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। নাদাল-বাধা পেরিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মারিন সিলিচের মুখোমুখি মারে। সিলিচ সেমিফাইনালে উঠেছেন অ্যান্ডি রডিককে হারিয়ে। কেউ কেউ হয়তো বলবেন, নাদাল তো হাঁটুর ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছে। নইলে কি আর নাদাল-দেয়াল ভাঙতে পারে মারে! কিন্তু স্কোরলাইন বলছে, যতটুকু খেলা হয়েছে তাতে ৬-৩, ৭-৬ (৭/২) ও ৩-০ গেমে এগিয়েই ছিলেন এই ব্রিটিশ খেলোয়াড়। ১৯৭৭ সালে জন লয়েডের পর আবার কোনো ব্রিটিশের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়া মারে আছেন আরেকটি ইতিহাসের অপেক্ষায়—৭৪ বছর পর ব্রিটিশ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি তাঁর সামনে। ১৯৩৬ সালে শেষ যে ব্রিটিশ খেলোয়াড় গ্র্যান্ড স্লাম জিতেছিলেন, তিনি ফ্রেড পেরি। এদিকে চীনের ঝেং ঝাই এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছেন। প্রথম চীনা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের সেমিফাইনালে উঠেছেন। মারিয়া কিরিলেঙ্কোকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠা ঝেং ইতিহাসটাকে হয়তো আরও ওপরে নেওয়ার স্বপ্নই দেখছেন। সেই স্বপ্ন পূরণ করতে তাঁকে পেরোতে হবে তাঁরই টেনিস আদর্শ হেনিন-বাধা!চোখে স্বপ্নের মায়াঞ্জন এঁকে এসেছেন হেনিনও—প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করার স্বপ্ন। সেমিফাইনালে দুই স্বপ্নের লড়াইটা তাহলে ভালোই হবে! দেড় বছর পর সার্কিটে ফিরলেও খেলার ধারটা নাকি আগের চেয়েও বেড়েছে বেলজিয়াম-কন্যার। তাঁর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে (৭-৬ (৭/৩), ৭-৫) রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা বলেছেন, ‘তাঁর খেলাটা (এখন) আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি দ্রুতগতির।’ এএফপি, ওয়েবসাইট।