নাদালের বিদায়
এগিয়ে চলেছিলেন অপ্রতিরোধ্য গতিতে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ছিলেন স্বদেশি ডেভিড ফেরার। সপ্তম বাছাই ফেরারকে বিদায় করে নাদালের শেষ চারে ওঠার মুহূর্তটি যাঁরা উপভোগ করতে চেয়েছিলেন, তাঁদের হূদয় বিষাদে ভরে গেছে সন্দেহ নেই। ফেরারের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন শেষ হয়ে গেছে রাফায়েল নাদালের! নাদাল অবশ্য ফেরার নয়, হেরেছেন ইনজুরির কাছে।নাদালের হারের ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৬-৩। নাদালের হারের ভিতটা তৈরি হয়েছিল খেলার শুরুতেই। প্রথম সেট চলার সময় চোট পান বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে। খেলা চালিয়ে যান চোট নিয়েই। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি নাদালকে স্বরূপে ফিরতে দেয়নি।পায়ে চোট নিয়েও লড়াই করে হেরেছেন নাদাল। ম্যাচ শেষে জয়ী ফেরারের কণ্ঠে তাই নাদাল বন্দনা, ‘নাদালের কোনো তুলনা হয় না। ও প্রথম সেটেই পায়ে চোট পায়। এই চোট নিয়েই খেলেছে। আমি আমার মতো করে খেলেছি। এর পরও নাদালকে হারানো আমার কাছে সহজ ছিল না মোটেও।’ রয়টার্স।