নাদালের বৃত্ত পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পাওয়ার আনন্দে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলা মানুষের মতো লুটিয়ে পড়লেন কান্নায়। টানা দুদিন প্রবল বর্ষণে ভিজেছিল ফ্লাশিং মিডোর যে সেন্টার কোর্ট, যে বর্ষণের কারণে ফাইনালটাই পিছিয়ে দিতে হয়েছিল এক দিন, আবারও সেই কোর্ট সিক্ত হলো আনন্দের অশ্রুতে। পরশু (কাল বাংলাদেশ সময় সকালে) নোভাক জোকোভিচকে হারিয়ে শুধু ইউএস ওপেনই জিতলেন না, রাফায়েল নাদাল নিজের নাম লিখে ফেললেন টেনিসের সর্বকালের সেরাদের কাতারে।টানা তৃতীয় বছরের মতো বৃষ্টির কারণে ফাইনাল পেছাতে হয়েছে ইউএস ওপেনে। এতে অবশ্য লাভ হয়েছে জোকোভিচের। শনিবারই রজার ফেদেরারের সঙ্গে ৫ সেটের এক মহারণ প্রাণশক্তি অনেকটাই কেড়ে নিয়েছিল এই সার্বিয়ানের। অপ্রত্যাশিতভাবে জোকোভিচ পেয়েছেন এক দিন বাড়তি বিশ্রামের সুযোগ। কিন্তু নাদাল, বিদ্রোহী রণ-অক্লান্ত ‘এল ম্যাটাডোর’ বুঝিয়ে দিয়েছেন, আরও দুটো দিন বেশি বিশ্রাম পেলেও খুব একটা সুবিধা জোকোভিচ করতে পারতেন না।যদিও পৌনে চার ঘণ্টার ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-২ গেমের এই লড়াইটা কিন্তু একপেশে হয়নি। ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফর্মে থাকা নাদালকে দ্বিতীয় সেটেই একটা ধাক্কা দিয়েছিলেন। একটা পর্যায়ে এই ২৩ বছর বয়সী এগিয়ে গিয়েছিলেন ৪-১-এ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নাদাল স্কোরলাইন বানিয়ে ফেলেন ৪-৪। ওমনি আরেক দফা বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪৮ মিনিটের বিরতি। তাঁর দ্বিতীয় সেটটা জিততে নাদাল তখন মাত্র দুটো গেম দূরে ছিলেন। বৃষ্টির ফাঁকে এই আলোচনাটাই ঘুরে-ফিরে এল, পুরো টুর্নামেন্টে একটা সেটও না হেরে ইউএস ওপেন জেতা প্রথম খেলোয়াড় হয়ে যান কি না নাদাল।কিন্তু জোকোভিচ, নাদাল-ফেদেরারের যুগে, বড় ভুল সময়ে জন্ম নেওয়ায় মাত্র একটাই গ্র্যান্ড স্লাম জুটেছে যাঁর কপালে; বৃষ্টির পর ফিরে আসেন দারুণভাবে। জিতে নেন দ্বিতীয় সেট। শুধু তা-ই নয়, নাদালের দুটো গেম ব্রেক করে তিন নম্বর সেটে এগিয়ে গিয়েছিলেন ৪-১-এ। এবার নাদালের পাল্টা জবাব দেওয়ার পালা। টানা পাঁচটি গেম জিতে ইউএস ওপেন শিরোপা থেকে মাত্র এক সেট দূরত্বে নিয়ে যান নিজেকে।চতুর্থ সেটে এসে লড়াইয়ের শক্তিই যেন হারিয়ে ফেলেন জোকোভিচ। ফেলারই কথা। কোর্টের এমাথা থেকে ওমাথা নাদালের দাপিয়ে বেড়ানো দেখে জোকোভিচ প্রথম দিকে হতাশা প্রকাশ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অক্লান্ত নাদালের কাণ্ডকীর্তি যেন মজা দিচ্ছিল তাঁকেও। একবার তো পরাজয়ের দোরগোড়াতে দাঁড়িয়েও একটা পয়েন্ট পেয়ে সে কী উল্লাসটাই না করলেন কৌতুকপ্রিয়তার কারণে জোক-ওভিচ নামে পরিচিত এই তরুণ!চতুর্থ সেটের শুরুতেই বোঝা গিয়েছিল, খেলা পঞ্চম সেট পর্যন্ত গড়াচ্ছে না। এবার আর বৃষ্টিকেও নাদাল সুযোগ দিতে রাজি নন তাঁর উৎসব প্রলম্বিত করতে। জোকোভিচের ফোরহ্যান্ড সাইড লাইনের বাইরে পড়তেই উপুড় হয়ে শুয়ে পড়লেন হার্ডকোর্টে। তাঁকে একান্তে খানিকক্ষণ কান্নার সুযোগ করে দিলেন সবাই। গ্যালারির ভিআইপি বক্সে লাজুকরাঙা চেহারায় তাঁর প্রেমিকা, গর্বিত জ্বলজ্বলে তাকিয়ে মা...আর কোচ-গুরু-চাচা টনি নাদাল সাদা টুপিটা একবার এপাশ-ওপাশ করে পড়ে নিলেন নতুন করে। যেন ভাস্তেকে নিয়ে তিনি প্রস্তুত নতুন লড়াইয়ের জন্য!