নাদালের রাজকীয় প্রত্যাবর্তন
ইনজুরি কাটিয়ে আবার বীরের মতো টেনিস কোর্টে ফিরলেন রাফায়েল নাদাল। ইন্ডিয়ানা ওয়েলসের ফাইনালে আর্জেন্টিনার মার্টিন দেল পোত্রোকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন স্প্যানিশ এই তারকা। এর আগে ২০০৭ ও ২০০৯ সালে ইন্ডিয়ানা ওয়েলসের শিরোপা জিতেছিলেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা। বাঁ হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। ইনজুরি কাটিয়ে আবার কোর্টে ফেরার পরপরই তিনি যে শিরোপাটা জিতে নিতে পারবেন, সেটা হয়তো অনেকেই শুরুতে ভাবতে পারেননি। কোয়ার্টার ফাইনালে গতবারের শিরোপাজয়ী রজার ফেদেরারকে হারিয়েই প্রথম রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিতটা দিয়েছিলেন রাফায়েল নাদাল। প্রত্যাবর্তনটা শেষ পর্যন্ত দারুণ হলো প্রতিযোগিতার সেনসেশন দেল পোত্রোকে হারিয়ে।দেল পোত্রোর জন্য স্বপ্নযাত্রাই ছিল এবারের প্রতিযোগিতা। কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারে ও সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠার পর নাদালকেও উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নযাত্রা শেষ হলো পরাজয়ের মধ্য দিয়ে। গতকাল ইন্ডিয়ানা ওয়েলসের ফাইনালে প্রথম সেটটা ৪-৬ গেমে হারলেও পরের দুটি সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাদাল। ৬-৩, ৬-৪ গেমে এই দুই সেট জিতে নিশ্চিত করেন শিরোপা। ইন্ডিয়ানা ওয়েলসের এই শিরোপাটা নাদালের ৫৩তম এটিপি শিরোপা। রয়টার্স