ফ্রেঞ্চ ওপেনের ট্রফি রাফায়েল নাদালের হাতে! গ্যালারি-ভর্তি দর্শকের করতালি। মুহুর্মুহু জ্বলে ওঠা ক্যামেরার ফ্ল্যাশ মুহূর্তটাকে আরও মোহনীয় করে তুলেছে।
কল্পিত এই দৃশ্যটাই আজ ঐতিহাসিক একটা মুহূর্ত হয়ে উঠতে পারে। কোনো একটি গ্র্যান্ড স্লামের শিরোপা সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে যাওয়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হতে পারেন নাদাল। সে জন্য প্রয়োজন মাত্র একটি জয়। সেটি স্তান ভাভরিঙ্কার বিপক্ষে আজ ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালেই হয়ে যেতে পারে।
এমন একটি জয়ের মুহূর্ত কি নাদালের ক্যারিয়ারে সবচেয়ে গর্বের মুহূর্ত হবে না? উত্তরে ৩১ বছর বয়সী নাদাল যা বলছেন তাতে অবাক হতে পারেন, ‘এটা সত্যি, ১০ একটা সুন্দর সংখ্যা। কিন্তু আসলে আমার ফেবারিট সংখ্যা ৯। সংখ্যা ১০ হলে সেটিই হয়তো আমার ফেবারিট হয়ে উঠবে। কিন্তু আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গর্বিত ২০১৩ সালটি নিয়ে। অসাধারণ ছিল সেটি।’
ওই বছর কেন বেশি গর্বের তাঁর কাছে, সে ব্যাখ্যাও দিয়েছেন ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক। হাঁটুর চোট আর পেটের পীড়া—দুই মিলিয়ে ২০১২ ও ২০১৩ সালের মাঝামাঝি লম্বা একটা সময় কোর্টের বাইরে ছিলেন। তারপরও বছর শেষে ফিরে এসেছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। নাদালের মুখেই শুনুন, ‘হাঁটু নিয়ে অনেক সমস্যায় ছিলাম আমি। একটুও অনুশীলন করতে পারিনি। তারপরও ওই বছরে ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন জিতেছিলাম। র্যাঙ্কিংয়ের একে থেকে বছর শেষ করেছিলাম। ওই বছরটিই আমার ক্যারিয়ারে সবচেয়ে গর্বের।’
আরেকটি ফাইনালের আগে দুর্দান্ত ফর্মে নাদাল। আর রোলাঁ গারোর লাল দুর্গে তাঁর রেকর্ড তো ঈর্ষণীয়—৭৮ জয়ের বিপরীতে মাত্র ২টি হার। টুর্নামেন্টের ফেবারিট ধরা হচ্ছে তাঁকে। ভাভরিঙ্কার বিপক্ষে লড়াইয়ের রেকর্ডেও এগিয়ে তিনি। ১৮ সাক্ষাতে ১৫ বারই জয়ী নাদাল। ক্লে-কোর্টের ছয় ম্যাচের মাত্র একটিতেই হেরেছেন।
নাদাল ফেবারিট। তবে প্রেরণার কমতি নেই ভাভরিঙ্কারও। এর আগে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে কখনো হারেননি তিনি। আর আজ জিতলে ভাভরিঙ্কা হয়ে যাবেন ফ্রেঞ্চ ওপেন জয়ী তৃতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। জয়ের আত্মবিশ্বাস থাকলেও কোর্টের লড়াই শুরুর আগে নাদালকে শ্রদ্ধাই দেখিয়েছেন ভাভরিঙ্কা, ‘আমার তো মনে হয় ক্লে-কোর্টের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদালের বিপক্ষে খেলাটা টেনিসেই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ এএফপি।