নাদিমউদ্দিনের সেঞ্চুরিতে ভালো জায়গায় ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তখন চার-ছয়ের ফুলঝুরি। ইংল্যান্ডের বিপক্ষে গ্যালারি মাতাচ্ছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তাঁর সেঞ্চুরির দিনে জাতীয় লিগ নীরবেই একটা সেঞ্চুরি দেখল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বে ১৪৭ রান করেছেন ঢাকার ওপেনার নাদিমউদ্দিন। তাঁর এই সেঞ্চুরির সুবাদে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৩০ রান করেছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে খুলনাকে ২৪১ রানে বেঁধে ফেলেছে চট্টগ্রাম। জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৮৩ রান তুলে তারা পার করেছে প্রথম দিনের খেলা।রাজশাহী টসে জিতেও ব্যাট করতে পাঠায় ঢাকাকে, সুযোগের ভালোই সদ্ব্যবহার করেছে ঢাকা। ৪৪ রানে তাদের প্রথম উইকেট পড়ে। ওপেনার রনি তালুকদারকে বোল্ড আউট করেন ফরহাদ রেজা। এরপর শামসুর রহমানকে (৬৩) নিয়ে ১২২ রানের জুটি গড়েন নাদিমউদ্দিন। সাকলাইন সজীবের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ২৪৪ বলে ১৭টি চার ও ৪ ছক্কায় ১৪৭ রান করেন। রানখরা কাটাতে পারছেন না ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল। কাল শূন্য রানে তাকে এলবিডব্লু করেছেন দেলোয়ার হোসেন। ৫৯ রানে ব্যাট করছেন মার্শাল আইয়ুব।বগুড়ায় খুলনার কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরিও পাননি। কাজী কামরুল ও ইলিয়াস সানির বোলিং তোপে আড়াই শ পর্যন্তও যেতে পারেনি খুলনা। সর্বোচ্চ ৪২ রান করেছেন ওপেনার অমিত মজুমদার। কামরুল ও ইলিয়াস নিয়েছেন ৪টি করে উইকেট। চট্টগ্রামের অবস্থাও সুবিধাজনক নয়, দিনশেষে ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা। ৪২ রানে ব্যাট করছেন ওপেনার সালাউদ্দিন। সৈয়দ রাসেল ২টি ও মনোয়ার ১টি উইকেট নিয়েছেন। রাজশাহী-ঢাকা  ঢাকা ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৩০/৫ (নাদিমউদ্দিন ১৪৭, রনি ২৭, শামসুর ৬৩, মার্শাল ব্যাটিং ৫৯; ফরহাদ ১/৫৩, সাকলাইন ২/৭৬, দেলোয়ার ২/৪৬)।খুলনা-চট্টগ্রাম  খুলনা ১ম ইনিংস: ৭০.৪ ওভারে ২৪১ (অমিত ৪১, মিঠুন ৩০, নাজিমউদ্দিন ৩১; ইলিয়াস ৪/৮৬, কাজী কামরুল ৪/৩৬, ডলার ২৯)।চট্টগ্রাম ১ম ইনিংস: ১৭.৪ ওভারে ৮৩/৩ (গাজী সালাউদ্দিন ৪৩, নাজিমউদ্দিন ১৭)।