নাদির বললেন ‘একদমই ফালতু কথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়া টিভির অভিযোগকে ‘একদমই ফালতু’ বলে উড়িয়ে দিলেন নাদির শাহ। অর্থের বিনিময়ে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবে রাজি হওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বাংলাদেশের এই আম্পায়ার।নাদির শাহ বর্তমানে ভারতে। কাল সারা দিন চেষ্টা করেও মুঠোফোনে কথা বলা যায়নি তাঁঁর সঙ্গে। নাদির ফোন ধরেননি। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘আমি যদি ম্যাচ পাতাতে যেতাম, আইসিসির কাছে কখনো না কখনো ধরা পড়তামই...কোনো আম্পায়ারই ম্যাচ পাতায় না।’ এ ছাড়া ভারতের একটি টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য সংবাদ মাধ্যমের কাছেও অভিযোগ অস্বীকার করেছেন নাদির। একটি সংবাদমাধ্যমের কাছে ইন্ডিয়া টিভির বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।ভারতের টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভি বোমাটা ফাটায় পরশু সন্ধ্যায়। নাদির শাহসহ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে গোপন ক্যামেরার ফাঁদে ফেলে চ্যানেলটি। ক্রিকেট এজেন্টের ছদ্মবেশে ইন্ডিয়া টিভির সাংবাদিকের কাছে প্রত্যেকেই অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হয়েছেন। নাদির শাহ এ-ও বলেছেন, পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ বিপিএলে অনেক ম্যাচ পাতিয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে আউটের সিদ্ধান্ত যেন কম দেওয়া হয়, সে জন্য স্থানীয় আম্পায়ারদের ওপর বিসিবির চাপ থাকে। অভিযুক্ত ছয় আম্পায়ারের কেউই অবশ্য সদ্যসমপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেননি।গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজসহ সংবাদটি ইন্ডিয়া টিভিতে প্রচারের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে যেন এই একটাই খবর! কাল দিনভর বিসিবিতেও চলল এ নিয়ে গবেষণা। তবে এই ঘটনায় গতকালও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিসিবি। দুপুরের পর বিসিবি কার্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, অনেকটা আগের রাতে বলা কথাই। বাড়তি সংযোজন, বিসিবি ঘটনা তদন্তে একটা কমিটি গঠন করবে। ‘আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি, এ রকম একটা ঘটনা ঘটেছে। এ-সংক্রান্ত কিছু তথ্য সংগ্রহ করছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করে আমরা বিষয়টা নিয়ে বসব। বোর্ড সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে। ঘটনা তদন্তে একটা তদন্ত কমিটি হবে’—বলেছেন জালাল ইউনুস। তবে তিনি নিশ্চয়তা দিতে চেয়েছেন, ‘আমরা বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছি। এ ধরনের কাজ বরদাস্ত করা হবে না। শক্ত হাতে দমন করা হবে। আমরা আইসিসির দুর্নীতি দমন আইন অনুসরণ করে চলি।’নাদির শাহ বিসিবি সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা নিয়েও মিডিয়া কমিটির প্রধান প্রতিক্রিয়া জানাতে চাননি, ‘তদন্তের পরই আমরা উপসংহারে আসতে পারব। তার আগে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’পরশু ইন্ডিয়া টিভিতে সংবাদটি প্রচারের পর দুর্নীতি দমনের ব্যাপারে আবারও নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে তারা বলেছে, খেলোয়াড়-কর্মকর্তা যাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠুক না কেন, আইসিসি তা সহ্য করবে না। ইন্ডিয়া টিভির কাছে আইসিসি অনুরোধ জানিয়েছে, ঘটনার দ্রুত তদন্তে কাজে লাগতে পারে—এমন তথ্য থাকলে সেসব যেন আইসিসিকে দেওয়া হয়।