১১টি ভাষা জানা ফুটবলার এখন চিকিৎসকও

নাদিয়া নাদিমছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ হিসেবে আমরা কোথায় নেমে গেছি, তা ভেবে মাঝেমধ্যে মনটা ভেঙে যায়। জানি এভাবে বলায় লোকে আমার নিন্দা করতে পারে। বলতে পারে, খেলোয়াড়েরা তো রাজনীতিবিদ না। কথাটার ভিত্তি নেই। অন্যদের ভালো রাখার দায়িত্বটা আমাদেরই। আমার নিজের যে গল্প—বাবার হত্যাকাণ্ড, আফগানিস্তান থেকে পালানো—তাতে দায়িত্বটা আরও বেশি করে অনুভব করি।’

গত বছর ‘প্লেয়ার্স ট্রিবিউন’-এ নিজের কলামে কথাগুলো লেখেন নাদিয়া নাদিম। তিনি ডেনমার্ক নারী দলের ফুটবলার। দুঃখিত, শুধু এ পরিচয় দিয়ে দায়িত্ববোধ নিয়ে তাঁর এই সচেতনতা বোঝানো যায় না। মানুষকে ভালো রাখার তাগিদটা নাদিয়া অন্তর থেকে অনুভব করেন বলেই গত শুক্রবার তাঁর নামের সঙ্গে যোগ হয় ‘চিকিৎসক’ পদবি। রিকনস্ট্রাকটিভ সার্জন হিসেবে সেদিন ডাক্তারি পাস করেন নাদিয়া। জানেন, ১১টি ভাষাও। তবে জীবনসংগ্রামের ‘ভাষা’টা সবার আগে শিখেছেন নাদিয়া।

নাদিয়া
ছবি: ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রের মেয়েদের শীর্ষ লিগের দল রেসিং লুইভিলের ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শুক্রবার ভিডিও সংযুক্ত করে একটি টুইট করেন। তাঁর দুহাতভর্তি ফুলের মোড়ক, চারপাশ থেকে ভেসে আসছে করতালি। নাদিয়া ধন্যবাদসূচক কৃতজ্ঞতায় মাথাটা ডান-বাঁ করছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মা, আমি পেরেছি! ডাক্তার নাদিম হাজির!’

নারীদের ফুটবলে এরই মধ্যে নিজেকে অন্যতম সেরা এবং সম্ভবত সবচেয়ে প্রভাবজাগানিয়া খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাদিয়া। অন্যতম সেরার ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়—গত মৌসুমে পিএসজি নারী দল প্রথমবারের মতো শীর্ষ লিগ জেতে। ২৭ ম্যাচে ১৮ গোল করে দারুণ অবদান রাখেন নাদিয়া। তার আগে খেলেছেন ম্যানচেস্টার সিটি ও পোর্টল্যান্ড থর্নসের মতো ক্লাবে। ডেনমার্ক নারী জাতীয় দলে ২০০৯ সালে অভিষেকেই গড়েছেন ইতিহাস—অন্য দেশে জন্মে ডেনিশ নাগরিকত্ব নিয়ে দেশটির জাতীয় দলে খেলা প্রথম ফুটবলার তিনি। ২০১৭ ইউরোয় ডেনমার্কের ফাইনালে ওঠায়ও তাঁর দারুণ অবদান ছিল। হারলেও গোল করেছিলেন ফাইনালে। তাঁর জোড়া গোলেই ইতালিকে হারিয়ে আগামী ইউরোয় খেলা নিশ্চিত করেন ডেনিশ মেয়েরা।

নাদিয়া
ছবি: ইনস্টাগ্রাম

নাদিয়ার গল্প শুনে মনে হতে পারে, এই মেয়েটার কী অসম্ভব ইচ্ছাশক্তি! সে তো বটেই, তবে ওই যে প্রভাবজাগানিয়ার কথা বলা হলো—সে গল্পেই লুকিয়ে নাদিয়ার অদম্য ইচ্ছাশক্তির গূঢ় রহস্য। সে গল্পে চোখ ভিজে ওঠে।

আফগানিস্তানের হেরাতে ১৯৮৮ সালে জন্ম নাদিয়ার। মা-বাবা ও চার বোনের সংসার। আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্টের বাসভবনের পাশেই থাকত নাদিয়ার পরিবার। তাঁর বাবা রাবানি নাদিম ছিলেন আফগান সেনাবাহিনীর জেনারেল। মিটিংয়ের কথা বলে ১১ বছর বয়সী নাদিয়ার বাবাকে একদিন ডেকে পাঠায় তালেবান যোদ্ধারা। নাদিয়া এর পর থেকে বাবাকে আর কখনো দেখেননি, ‘বাবা আমার কাছে জেমস বন্ডের মতো। সুপারহিরোরা যেমন হয়ে থাকে। অনেক দিন ভেবেছি, বাবা একদিন ফিরে আসবে।’

নাদিয়া
ছবি: ইনস্টাগ্রাম

প্রায় ছয় মাস কেটে যাওয়ার পর নাদিয়ার মা জানতে পারেন রাবানি নাদিমকে হত্যা করা হয়েছে। তালেবানরা শাসনভার দখল করায় আফগানিস্তানে তখন সময়টা অন্য রকম। মেয়েদের স্কুলে যাওয়া দূরের কথা, একা বাইরে বের হওয়া নিষিদ্ধ। গান শোনা, টিভি দেখা, জিনস পরা নিষিদ্ধ। নাদিয়ার ভাষায়, ‘ভয়ংকর। সেখানে বসবাস করা অসম্ভব হয়ে ওঠে। দেশ ছাড়তে বাধ্য হই।’

বাড়িঘর থেকে স্বর্ণালংকার—সব বিক্রি করতে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে থাকেন নাদিয়ার মা। একদিন মাঝরাতে মিনিভ্যানে করে পাকিস্তান সীমান্ত দিয়ে করাচিতে ঢুকে পড়ে নাদিয়ার পরিবার। সেখানে দুই মাস থেকে এক ব্যক্তির সাহায্যে পাসপোর্ট ও অন্য কাগজপত্রের ব্যবস্থা করে ইতালিগামী বিমানে ওঠে পরিবারটি। ইতালিতে একটি ট্রাকে বসবাস করতে হয় কিছুদিন। লন্ডনে নাদিয়াদের চেনাজানা মানুষ ছিল। নাদিয়ার মা ভেবেছিলেন, তাঁরা লন্ডনে যেতে পারবেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ডেনমার্কের এক প্রত্যন্ত অঞ্চলে শরণার্থীশিবিরে নামিয়ে দেওয়া হয় নাদিয়ার পরিবারকে। এক নিরাপত্তারক্ষী সেখানে নাদিয়াকে খাবার দিতেন। সেই মুহূর্তটা নাদিয়া ‘জীবনে কখনো ভুলতে পারবেন না।’ বাবা যে মারা গেছেন, নাদিয়া তখনো জানতেন না। অপেক্ষায় ছিলেন একদিন তিনি ফিরবেন।

নাদিয়া
ছবি: ইনস্টাগ্রাম

৯ মাস শরণার্থীশিবিরে থাকতে ফুটবলের সঙ্গে পরিচয় ঘটে নাদিয়ার। স্থানীয় বাচ্চা মেয়েদের খেলা দেখে আগ্রহ জাগে, পরে ঢুকেও যান সে দলে। নাগরিকত্ব পেয়ে যাওয়ার পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত বছর পিএসজি ছাড়ার আগে আটটি ক্লাব মাতিয়েছেন নাদিয়া। পাশাপাশি ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন চিকিৎসাবিদ্যায়। গত ইউরোয় আইটিভিতে ফুটবল-পণ্ডিত হিসেবে কাজ করা নাদিয়ার আরও একটি কাজে নিয়োজিত। বিশ্বব্যাপী ঘুরে ঘুরে শরণার্থী শিশুদের নিজের উঠে আসার গল্প শোনান, প্রেরণা জাগান—ওই যে, মানুষকে ভালো রাখার তাগিদ!

আর তাই নাদিয়ার কাছে ফুটবলটা ‘হৃদয়ের টান’ কিন্তু চিকিৎসাবিদ্যাটা পেশা, ‘আমি মানুষকে সাহায্য করতে চাই। ফুটবল ভালোবাসি কিন্তু কখনো এটাকে পেশা হিসেবে ভাবিনি। খেলার জন্য টাকা পেলেও আমি মুফতেই খেলতে রাজি আছি। আমার হাসপাতাল ভালো লাগে। কারও মুখে হাসি ফোটাতে পারলে সেটাই সবচেয়ে বড় অর্জন।’