নানজিংয়ে অ্যাথলেটদের লক্ষ্যহীন যাত্রা
অলিম্পিক ভবনের নিচতলা। লাল-সবুজের লোগো লাগানো ছাইরঙা ব্লেজার পরে পাশাপাশি দাঁড়িয়ে খেলোয়াড়েরা। প্রায় পাঁচ মিনিট চলল আনুষ্ঠানিক ফটোসেশন। দ্বিতীয় এশিয়ান যুব গেমসে অংশ নিতে ১৪ আগস্ট চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সপ্তাহ খানেক আগেই বিওএ ভবনে হয়ে গেল এসবের আনুষ্ঠানিকতা।যাওয়ার আগে আনুষ্ঠানিকতায় যতটা গোছানো মনে হলো বাংলাদেশ দলকে, গেমসে নিজেদের লক্ষ্য নিয়ে ততটাই এলোমেলো অ্যাথলেটরা। ১৬-২৪ আগস্ট নানজিংয়ে বসছে এশিয়ান যুব গেমসের দ্বিতীয় আসর।অ্যাথলেটিকস, সাঁতার, বাস্কেটবল, গলফ, শ্যুটিং, ভারোত্তোলন, ব্যাডমিন্টন ও তায়কোয়ান্দো—আট খেলায় অ্যাথলেট ১৯ জন। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন হাসানুল বান্না, রিয়াসালাতুল ইসলাম, শারমিন আক্তার ও শারমিন আক্তার জুনিয়র। ভারোত্তোলনে ৫৩ কেজিতে মাবিয়া আক্তার, ৪৮ কেজিতে জহুরা আক্তার। গলফে পুরুষ এককে আফনান মাহমুদ ও মহিলা এককে খেলবেন লিজা আক্তার। অ্যাথলেটিকসে ছেলেদের ১০০ ও ২০০ মিটারে আশিক কুমার হালদার। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে আইরিন সুলতানা। ব্যাডমিন্টনে এককে খেলবেন আইমান ইবনে জামান। ‘থ্রি এ সাইড’ বাস্কেটবলের দলে সাজিদ ইশতিয়াক, সাকিব হোসেন, আবদুল মুমিন ও মুবতাসিন কাদের। তায়কোয়ান্দোর ৫৭ কেজিতে ফাতিহা উম্মুল ইসলাম ও অনূর্ধ্ব-৬২ কেজিতে আমিরুল ইসলাম। সাঁতারে ৫০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে আসিফ রেজা, ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন নাজমা খাতুন।কাল সংবাদ সম্মেলনে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অবশ্য গেমস নিয়ে আশার কথা শোনাতে পারলেন না, ‘সব খেলায় আমরা ভালো করতে পারব না। শুধু শ্যুটিং, গলফ ও ভারোত্তোলনে বাংলাদেশ ভালো করবে বলে আশা করছি।’ কুয়েতের রাষ্ট্রদূতের মেয়াদ শেষে স্থায়ীভাবেই দেশে চলে এসেছেন শাহেদ রেজা। এশিয়ান যুব গেমসের প্রস্তুতি শুরু হয়েছিল ১৫ জুন থেকে। এত অল্প সময়ের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন শ্যুটার শারমিনও। তার ওপর খেলছেন না নিজের নিয়মিত ইভেন্ট ৫০ মিটার প্রোনে, ‘আরও বেশি প্র্যাকটিস হলে ভালো হতো। জানি না, চীনে কী করব আমি।’গত জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটারে রেকর্ড গড়ে (১২.৩২ সেকেন্ড) সোনা জিতেছিলেন আইরিন। চীনে এই সময়টা পেছনে ফেলতে চান বিকেএসপির অ্যাথলেট, ‘নিজের সেরা সময়টা টপকানোই আমার লক্ষ্য।’ বাংলাদেশ গেমসে সাতটি সোনাজয়ী সাঁতারু নাজমার মুখেও একই আশা, ‘৫০ মিটার ফ্রিস্টাইল আমার ফেবারিট। আশা করি, এই ইভেন্টে নিজের সেরা টাইমিং করতে পারব।’ গত বাংলাদেশ গেমসে ৩০.৯৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন নৌবাহিনীর এই সাঁতারু।