নানা আয়োজনের অলিম্পিক দিবস
আধুনিক অলিম্পিকের (আইওসি) জনক পিয়েরে দ্য কুবার্তিন ১৮৯৪ সালের ২৩ জুন বলেছিলেন, অলিম্পিক গেমস হবে সারা বিশ্বের মানুষের খেলাধুলার মহামিলনক্ষেত্র। সেই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। আর ২৩ জুন তারিখটিই অলিম্পিকের প্রতিষ্ঠা দিবস হিসেবে সারা বিশ্বে উদ্যাপন হয়ে আসছে নানা আয়োজনে।বাংলাদেশে অলিম্পিক দিবস উদ্যাপন শুরু ১৯৮৭ সাল থেকে। প্রতিবছরই এটি আয়োজিত হয় ঘটা করে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিএও) কাল বৃক্ষরোপণ ও সেমিনার দিয়ে এবার শুরু করল আট দিনের কর্মসূচি। আজ রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অলিম্পিক ডে-রান আগামীকাল ভোরে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে তা শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। একই দিনে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতিম, প্রতিবন্ধী শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে হবে ক্রীড়া অনুষ্ঠান। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাবেন বিভিন্ন খেলার দেশসেরা খেলোয়াড়েরা। ২৫ জুন বিওএ ভবনে শুরু আলোকচিত্র প্রদর্শনী। ‘ছবিতে বাংলাদেশের ক্রীড়া ঐতিহ্য’ শীর্ষক প্রদর্শনী চলবে ৩০ জুন পর্যন্ত।গত বছর সাতটি বিভাগীয় শহরে উদ্যাপিত হয়েছিল অলিম্পিক দিবস। তবে এবারই প্রথম দেশের সব জেলায় পালন করা হবে। শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই অলিম্পিক দিবসকে সীমাবদ্ধ রাখতে চান না কর্মকর্তারা। অলিম্পিক প্রতিযোগিতায় নিজেদের উৎকর্ষেরও প্রমাণ রাখতে চান। আগামী ২০১২ লন্ডনে না হলেও ২০১৬ অলিম্পিকে সোনা জেতার লক্ষ্য নির্ধারণ করেছেন বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, ‘২০১৬ অলিম্পিকে সোনা জিততে চাই।’ আর্চারি এবং শ্যুটিংয়েই মূলত চোখ রাখবে বিওএ। নানা সমস্যায় জর্জরিত শ্যুটিংয়ের পৃষ্ঠপোষকতার জন্য আইএফআইসি ব্যাংক এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি পাওয়া গেছে ক্রীড়া আর্কাইভ, লাইব্রেরি এবং জাদুঘর গড়ে তোলার ব্যাপারেও।অলিম্পিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল তথ্যগুলো জানান কুতুবউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিওএর সহসভাপতি সিরাজুল ইসলাম (বাচ্চু), অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক নুরুল ফজল বুলবুল প্রমুখ।