নানা রঙের টি-টোয়েন্টি বিশ্বকাপ

কেন-কোহলির বন্ধুত্ব
কোহলি নিজেই জানতেন না, তাঁর একজন বিশেষ ভক্ত আছে। জানিয়েছেন অবশ্য হ্যারি কেন নিজেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে কোহলির অসাধারণ ইনিংস দেখে টটেনহামের ইংলিশ স্ট্রাইকার টুইট করেছেন, ‘বিরাট কোহলি অসাধারণ খেলোয়াড়। চাপের সময় যেভাবে নিজের সেরাটা বের করে আনে, সেটাই বুঝিয়ে দিয়েছে সে কোন মানের।’ এমন বিখ্যাত ভক্তের প্রশংসার জবাবে কিছু না বললে কী হয়! পাল্টা টুইটে কোহলিও জানিয়ে দিলেন কেনকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা। আগের রাতেই জার্মানির বিপক্ষে গোল করে ইংল্যান্ডকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছে কেন। সেটার জন্যই কোহলি অভিনন্দন জানালেন কেনকে, ‘ধনবাদ কেন। জার্মানির বিপক্ষে তোমার গোলটা দারুণ লেগেছে। প্রিমিয়ার লিগের জন্য শুভকামনা রইল।’ টুইট-পাল্টা টুইটে দুজনের বন্ধুত্বও জমে গেল। কেন আবার জবাব দিলেন, ‘ধন্যবাদ বন্ধু। তোমার জন্যও শুভকামনা।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে এই শুভকামনা কি কাজে লাগবে কোহলির? স্কাই স্পোর্টস।
‘আন্ডারডগ’ কিউইরা!
সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে কোন দল? নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত দল কারা? নিউজিল্যান্ড। অথচ এই নিউজিল্যান্ডই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আন্ডারডগ! সেটিও বলছেন কিনা মাইক হেসন! অবশ্য যুক্তি দেখিয়েই প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন কিউই কোচ, ‘তাদের ব্যাটিং গভীরতা অনেক। এমন সব ব্যাটসম্যান আছে, যারা মাঠের চারপাশেই রান করতে পারে। ওরা চাপ তৈরি করলে সেটি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।’ তবে আশা ছাড়তে রাজি নন হেসন। তাঁর দল যে জয়ের অভ্যাস গড়ে তুলেছে। সেমিফাইনালের আগে এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে কিউই কোচকে। তাঁর চাওয়া এখন একটাই—জয়ের অভ্যাস আজকের ম্যাচেও ধরে রাখা। ক্রিকেট অস্ট্রেলিয়া।