নানা রঙের তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিয়ারলিডার নেই তো কী হয়েছে, ঢোলের বাদ্যি তো আছে! কাল বাংলাদেশ ওপেনার শামসুর দেখালেন ব্যাটিংয়ের মতো ঢোলটাও বাজাতে পারেন ভালোই । সৌরভ দাশ
চিয়ারলিডার নেই তো কী হয়েছে, ঢোলের বাদ্যি তো আছে! কাল বাংলাদেশ ওপেনার শামসুর দেখালেন ব্যাটিংয়ের মতো ঢোলটাও বাজাতে পারেন ভালোই । সৌরভ দাশ

মাঠের লড়াইয়ের ট্রফি কার হাতে উঠবে, উত্তর মিলবে ৬ এপ্রিল রাতে। মাঠের বাইরের ২২ গজের ট্রফিটা এরই মধ্যে জিতে নিয়েছেন পরস খাড়কা!
সপ্তাহ খানেক আগেও এই নামের সঙ্গে আপনার পরিচয় থাকার কোনো কারণ ছিল না। তবে গত কয়েক দিনে নামটা টুকটাক শোনার কথা। বাংলাদেশের বিপক্ষে কাল ম্যাচের পর তো অবশ্যই। খাড়কা নেপালের অধিনায়ক। এক্ষণে নিশ্চয়ই চোখ কপালে উঠছে সবার, নেপাল অধিনায়ক আবার কোন ট্রফি জিতলেন! এই ট্রফি অদৃশ্য। আমজনতার দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। বিশ্ব আসরে মাঠের বাইরেও একটা পরীক্ষা দিতে হয় ক্রিকেটারদের। অনেক অনেক ক্যামেরার চোখ, মুহুর্মুহু জ্বলে ওঠা ফ্ল্যাশ, মাইক্রোফোন আর রেকর্ডারের সামনে বসে। সেই পরীক্ষাতেই সবচেয়ে বেশি নম্বর পাচ্ছেন নবীন এক দেশের অধিনায়ক!
আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলন মানেও এক মহাযজ্ঞ। প্রতিটি দলের অধিনায়কের আলাদা সংবাদ সম্মেলনের পাশপাশি থাকে উন্মুক্ত মিডিয়া সেশন। প্রতি দলেরই তিন-চারজন করে ক্রিকেটার আলাদা করে কথা বলেন বিভিন্ন দেশ থেকে আসা সংবাদকর্মীদের সঙ্গে। এবার বাংলাদেশের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ইতিহাসেই সবচেয়ে বিশাল ব্যাপ্তির টুর্নামেন্ট। মিডিয়া কর্মকাণ্ডের আকারটাও নিশ্চয়ই অনুমান করতে পারছেন!
৯ মার্চ বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হয়েছিল, শেষ হলো কাল অস্ট্রেলিয়াকে দিয়ে। খাড়কার সংবাদ সম্মেলন ছিল ১০ মার্চ। হিমালয়কন্যা নেপালের ফুটবলের সঙ্গে এই অঞ্চলের পরিচয় অনেক পুরোনো। ক্রিকেটে তো এখনো হামাগুড়ির সময়। সেই দেশের ক্রিকেট অধিনায়ক চমকে দিলেন সংবাদ সম্মেলনের পারফরম্যান্সে। সেটা শুধু স্পষ্ট উচ্চারণের চৌকস ইংরেজির কারণেই নয়, জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অনেক ক্যামেরার ঝলকানিতেও ভড়কে না গিয়ে যেভাবে সামলালেন নানা প্রশ্ন, তুলে ধরলেন নিজের দেশের ক্রিকেট; কে বলবে, প্রথম বড় আসরে খেলতে আসা দেশের অধিনায়ক তিনি! উপস্থিত অনেক সংবাদকর্মীই এক বাক্যে মানলেন, নবীন কোনো দেশের অধিনায়কের সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স এটিই।
এমনিতে ক্রিকেটের অতিভোজনের এই যুগে কোন দলের অধিনায়ক বা কোনো ক্রিকেটার কীভাবে কথা বলবেন বা কোন প্রশ্নের উত্তর কীভাবে দেবেন, এমনকি কী বলবেন—সবই প্রায় জানা থাকে ক্রিকেট সাংবাদিকদের। পেশাদারিত্ব আর আচরণবিধির নানা শৃঙ্খলের এই যুগে এমনিতেই সংবাদ সম্মেলন হয়ে উঠেছে নিরস এবং ধরাবাধা কিছু কথার আনুষ্ঠানিকতা। সেটি আরও প্রকট হয়েছে চরিত্রের অভাবে। সত্তর-আশি, এমনকি নব্বইয়ের দশকের মতোও চরিত্র কোথায় এখন বিশ্ব ক্রিকেটে!
দু-একটি ব্যতিক্রম অবশ্য আছে। আনন্দদায়ী ক্রিকেটের মতো মাঠের ভেতরে-বাইরেও বিনোদনের ঝান্ডাটা বয়ে চলেছেন ক্যারিবিয়ানরা। কৃত্রিমতার আবরণে এখনো ঠিক অভ্যস্ত হতে পারেননি তাঁরা, কিংবা চান না অভ্যস্ত হতে! ড্যারেন স্যামি যেমন সংবাদ সম্মেলনে ঢুকেই চেনা সেই হাসিতে সবার উদ্দেশে বললেন, ‘হ্যালো গাইজ!’ মঞ্চে বসেও পরিচিত সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসা, হাত নাড়া বা ‘গুড টু সি ইউ’ বলা—এটুকুই বা কজন করে! চরম বিরক্তিকর বা নিজেকে নিয়ে করা কোনো বিব্রতকর প্রশ্নের উত্তর স্যামি দেবেন মুখে এক টুকরা হাসি নিয়ে। ক্রিস গেইল সংবাদ সম্মেলনে অবলীলায় গ্যাংনাম শুরু করতে পারেন, হাস্যরসে মাতিয়ে রাখতে পারেন চারপাশ। ক্যারিবিয়ানের জীবনদর্শন তাঁরা বয়ে নিয়ে যান পুরো ক্রিকেট বিশ্বেই।
ইংলিশরা যেমন বয়ে চলেন তাঁদের আভিজাত্য। কথাবার্তা থেকে হাঁটাচলা, সংবাদমাধ্যমের সামনে সবকিছুই যেন কেতাদুরস্থ। জেমস ট্রেডওয়েল বা অ্যালেক্স হেলসরা রোমাঞ্চের কথাও বলেন এমন ভঙ্গিতে, যেন এর চেয়ে নিরস কিছু আর নেই! ভারতের প্রভাব বিস্তারি চেহারাটা আবার ফুটে উঠেছে এখানেও। উন্মুক্ত মিডিয়া সেশনে যেখানে ক্রিকেটাররা বিভিন্ন টেবিল ঘুরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন, ভারতের চার ক্রিকেটার সেখানে বসেছিলেন একসঙ্গে। তাঁরা কি আর টেবিল থেকে টেবিল ঘুরতে পারেন! বিরাট কোহলি, রবিচন্দ্রণ অশ্বিনদের দেখে অবশ্য মনে হচ্ছিল, মাত্রই যেন জোর করে তুলে আনা হয়েছে ঘুম থেকে!
‘প্রফেসর’ ডাকনামের সার্থকতা প্রমাণে চেষ্টার কমতি থাকে না মোহাম্মদ হাফিজের। প্রতিটি উত্তরেই বিশ্লেষণী ছোঁয়া রাখতে চান। পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজিতে অনভ্যস্ততার কথা কম-বেশি সবারই জানা। উমর আকমল যেমন শুরুতেই বলে নিলেন, ‘আপনারা ইংরেজিতেই প্রশ্ন করুন, উত্তর আমি উর্দুতে দিতে চাই।’ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকায় নিয়মিত খেলেন বলেই কি না, ইংরেজিতে সবচেয়ে স্বতঃস্ফূর্ত পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভির। হাশিম আমলা কথাবার্তায় তাঁর ভাবমূর্তির মতোই স্মিত। মুখে দারুণ সব রসিকতায় জুড়ি নেই লনওয়াবো সতসোবের। আর কুমার সাঙ্গাকারার প্রতিটি সংবাদ সম্মেলনই যেন ক্রিকেট আর জীবনবোধের একেকটি ক্লাস। প্রতিবারই মনে হয়, এই ক্লাস শেষ না হলেই ভালো!
মাঠের তারকারা এভাবেই নানা রূপে ধরা দেন মাঠের বাইরে। ছড়িয়ে দেন অনেক রং।