নানা রঙের বিশ্বকাপ
সংগীত-বিভ্রাট
ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত বাজবে, এমনটাই নিয়ম । কিন্তু গত পরশু ফ্রান্স-হন্ডুরাসের ম্যাচে কোনো দেশেরই জাতীয় সংগীত বাজেনি! জাতীয় সংগীত গাওয়ার জন্য দুই দলই লাইনে দাঁড়িয়ে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু জাতীয় সংগীতের জন্য নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা বাজছে না দেখে রেফারি এসে দুই দলকে পরস্পরের সঙ্গে শুভেচ্ছাবিনিময় সেরে নিতে বলেন। তার পরও কয়েক মিনিট অপেক্ষা করেন দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত জাতীয় সংগীত আর বাজেইনি। ঠিক সময়েই শুরু হয়ে যায় খেলা। কেন জাতীয় সংগীত বাজেনি সেটার সঠিক ব্যাখ্যা অবশ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ফিফার মুখপাত্র। ওয়েবসাইট।
ইংরেজি-জ্ঞান
বেচারা ইউচি নিশিমুরা, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একটা পেনাল্টি দিয়ে কী যে বিপদে পড়েছেন! ক্রোয়েশিয়ায় জাতীয় ভিলেন বনে যাওয়া এই জাপানি রেফারির দক্ষতা নিয়ে ক্রোটরা তো প্রশ্ন তুলেছেই, তাঁর ভাষাজ্ঞান নিয়েও কটাক্ষ করছে তারা। ইংরেজি নাকি মোটেই জানেন না নিশিমুরা! ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ভেদ্রান কোরলুকার দাবি, ব্রাজিল ম্যাচে রেফারি শুধু জাপানি ভাষাতেই নাকি কথা বলেছেন। তাদের প্রতিবাদের কিছুই বোঝেননি রেফারি! এই অভিযোগ অবশ্য মানতে রাজি নয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এ সংস্থার দাবি, ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিয়েই আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন নিশিমুরা। তাহলে কার কথা ঠিক—ক্রোটদের না জেএফএর? এএফপি।