নানা রঙের বিশ্বকাপ
খেপা ম্যারাডোনা
ডোপ টেস্ট হলো সাত কোস্টারিকান ফুটবলারের, আর খেপলেন কিনা ম্যারাডোনা! নাহ, দুই দশক আগে তাঁর মতো পজিটিভ হয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি এই সাতজনের কারোরই। তবু কেন ম্যারাডোনা খেপলেন? তিনি যে সব সময় নিপীড়িতের পক্ষে। এমনিতে নিয়ম হলো ম্যাচের পর দুই দলের দুজন করে খেলোয়াড়ের ডোপ টেস্ট করা। কিন্তু রেসিফেতে পরশু কোস্টারিকার কাছে ইতালির হারের পর ডোপ টেস্টের জন্য ডাকা হলো ইতালির দুজন আর কোস্টারিকার সাতজনকে! ম্যারাডোনার ধারণা, ইতালির মতো বড় দল বিদায় হয়ে গেলে ফিফার আয় কমে যাবে। তাই ডোপ টেস্টে কোস্টারিকাকে ফাঁসানোর ষড়যন্ত্র এটা! ওয়েবসাইট।
চুল-চেরা
বিশ্বকাপে কার চুল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো? মারুয়ান ফেলাইনির নামটা আপনাকে নিতেই হবে । বেলজিয়াম মিডফিল্ডারের মাথাভর্তি ঝাঁকড়া চুলে অাস্ত একটা ফুটবলই লুকিয়ে ফেলা যাবে! এই চুলের পেছনে ফেলাইনির ‘আত্মত্যাগ’ও নিশ্চয়ই অনেক । কিন্তু বিশ্বকাপের পর সাধের এই চুলটা কেটে ফেলবেন ফেলাইনি। দাঁড়ান দাঁড়ান, এখনই বিস্মিত হবেন না। শর্ত আছে । বেলজিয়াম বিশ্বকাপ জিতলে তবেই ফেলাইনি এই চুল কেটে ফেলবেন। তাহলে আরও কটা মৌসুম তাঁকে ঝাঁকড়া চুলে দেখার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন! ওয়েবসাইট।