নানা রঙের বিশ্বকাপ
এবার ব্রাজিলের ওঝা
রোনালদোকে কালো জাদু করে বসিয়ে রাখতে চেয়েছিলেন ঘানাইয়ান ওঝা। তার সেই জারিজুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। ঘানার বিপক্ষে ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু খেলেননি, একটা গোল করে পর্তুগালকে এক ম্যাচে জিতিয়েছেনও। এবার ব্রাজিলের এক ওঝা হুমকি দিয়েছেন, তিনি নাকি সেমিফাইনালে জার্মান খেলোয়াড়দের পা অদৃশ্যভাবে বেঁধে রাখবেন। দৌড়াতেই পারবেন না তাঁরা। হেলিও সিলমান নামে রিও ডি জেনিরোর এই ওঝার দাবি, ‘আমি ওদের সেরা কয়েকজন খেলোয়াড়কে বেছে নিয়েছি। এমন বান মারব যে ওরা মাঠে নড়তে পারবে না।’ সেই কয়েকজন কারা? সিলমান বলে দিয়েছেন নামগুলোও—টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার আর ম্যাটস হামেলস। তাঁর দাবি, ক্যামেরুন, চিলি ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নাকি তাঁর ঝাড়ফুঁকেই জিতেছে ব্রাজিল! এএফপি
বিতর্কে বালোতেল্লি
বিশ্বকাপের পথচলা শেষ হয়ে গেছে গ্রুপপর্বেই। ইতালির সেই ব্যর্থতার দায় কিছুটা নিতে হচ্ছে মারিও বালোতেল্লিকেও। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি এসি মিলান স্ট্রাইকার। এরই মধ্যে জড়ালেন উটকো ঝামেলায়। বিশ্বকাপের পর ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে। সেখানেই প্রকাশ্যে ধূমপান করেছেন। বেশ কিছু ট্যাবলয়েডে তাঁর সেই ধূমপানের ছবি ছাপাও হয়েছে। মিলান ও ইতালিতে এ নিয়ে কড়া সমালোচনা হচ্ছে বালোতেল্লির। গত বছরই ইতালিতে ট্রেনে ধূমপানের চেষ্টা করে জরিমানা গুনেছিলেন। কে জানে, এবার ক্লাবের কোনো শাস্তি পেতে হয় কি না তাঁকে! আইএএনএস।