নানা রঙের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মিনিটের অন্ধকার
ভুতুড়ে কাণ্ড ছাড়া আর কী! নইলে কোনো দল সাতটা গোল খায়? সেদিন বেলো হরিজন্তেতে যা হয়েছে, সে রকম কাণ্ড ফুটবলবিশ্বেই খুব কম হয়েছে। থিয়াগো সিলভা সেদিন নামতে পারেননি। বিস্ফারিত চোখে দেখেছেন কীভাবে বিধ্বস্ত হয়েছে দল। নিষেধাজ্ঞার জন্য সিলভার অবশ্য নামার উপায়ও ছিল না। কিন্তু তাতে তো অনুতাপটা ঢেকে রাখা যায় না। সিলভা সেটাই বললেন, ‘আমি মাঠে ছিলাম না। কিন্তু আমি তো দলের একটা অংশ। আমি এই দলের অধিনায়ক।’ সেদিনের মতো দুর্ঘটনা আর কখনো হবে না বলেও দাবি তাঁর, ‘এটা এমন একটা ঘটনা যা পরের ১০০ বছরেও হবে না। এটা ছিল ছয় মিনিটের একটা অন্ধকার, যেটা আমাদের ডুবিয়েছে।’ গোল ডট কম।
চিঠি
জার্মানি-লজ্জার স্মৃতি সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে ডেভিড লুইজকে। তবে আনা লুজের চিঠি পাওয়ার পর লুইজের সেই কষ্ট হয়তো অনেকটাই কমে গেছে। আনা লুজের বয়স মাত্র ৯, সেই ম্যাচের পর লুইজের অঝোর কান্না ছুঁয়ে গিয়েছিল তাকেও। তাই চিঠি লিখে জানিয়েছে সে লুইজের পাশেই আছে, ‘জীবন এ রকমই। কখনো তুমি হারবে, কখনো জিতবে। কিন্তু তোমাকে সুখী হতে হবে। লুইজ, তুমি আমার চ্যাম্পিয়ন।’ শুধু এটুকুই লেখেনি আনা, সঙ্গে ব্রাজিল ডিফেন্ডারের একটা ছবিও পাঠিয়েছে। আবেগাপ্লুত লুইজ পরে এই চিঠি নিজের ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘আমি কখনোই স্বপ্ন দেখা ছাড়ব না।’ এ রকম ভক্ত পেলে কেনই-বা ছাড়বেন! মেইলঅনলাইন।
জার্মানির শক্তি
ফাইনালে কে এগিয়ে? জার্মান অধিনায়ক ফিলিপ লাম বলছেন, জার্মানি। কারণ অভিজ্ঞতা। এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলল জার্মানি। গত ইউরোর সেমিতেও খেলেছে। এই জার্মান দলে বায়ার্ন মিউনিখের বেশ কয়েকজন খেলোয়াড় আছেন। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতাও আছে অনেকের। লামের দাবি এটাই এগিয়ে রাখছে তাঁদের, ‘আমাদের অনেক খেলোয়াড়ের বড় ক্লাবের হয়ে বড় ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা সুবিধা।’
সেমিফাইনালের ফাঁড়ায় কম কাটা পড়েনি জার্মানি। এবার সেটা কাটিয়ে লামের চোখ শিরোপায়, ‘আমরা এখন মাত্র এক ধাপ দূরে। ফাইনালের দিকে তাকিয়ে আছি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই।’ গোলডটকম।