নানা রঙের বিশ্বকাপ
দেল পিয়েরোও
সাম্বার দেশের বিশ্বকাপে সাধারণ্যে চাওয়া—ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। শেষ পর্যন্ত সেটি হবে কি না সময়ই বলবে। তবে একই স্বপ্ন দেখেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরোও। বাস্তবতা যেমনই হোক, সুন্দর একটা ফাইনালের জন্য শিরোপা নির্ধারণী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ম্যারাডোনার উত্তরসূরি মেসিদেরই দেখছেন দেল পিয়েরো, ‘আর্জেন্টিনার ভালো সম্ভাবনা আছে। ভালো একটা ফাইনাল হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার।’ এবারের বিশ্বকাপে আরেকটি বিষয়ও চোখে পড়েছে জুভেন্টাসের সাবেক তারকার, ‘১০ নম্বর জার্সিধারীরা গোল করছেন, এগিয়ে নিচ্ছেন দলকে এবং প্রত্যেকেই নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ অংশ।’ আইএএনএস।
সুয়ারেজের পক্ষে
স্রেফ একটা কামড়ই তো দিয়েছেন। তার জন্য চার মাসের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ডে নিষিদ্ধ লুইস সুয়ারেজ! ফিফার বিরুদ্ধে তাই এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেন উরুগুয়ের জাতীয় মানবাধিকার সংস্থা। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সুয়ারেজের সঙ্গে ফিফা যা করেছে তা উরুগুয়ের শাসনতন্ত্র এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড় মেরে বসেন সুয়ারেজ। সেই কিয়েলিনি নিজেই বলেছেন শাস্তিটা বেশি হয়ে গেছে। ডিয়েগো ম্যারাডোনাসহ উরুগুয়ের কোচ, প্রেসিডেন্ট পর্যন্ত ফিফার সমালোচনা করেছেন। উরুগুয়ের মানবাধিকার সংস্থা বলছে, তড়িঘড়ি করে উরুগুইয়ান স্ট্রাইকারকে দেওয়া হয়েছে নিষ্ঠুর শাস্তি। আইএএনএস।