নানা রঙের বিশ্বকাপ
গর্বিত শাকিরা
সমাপনী অনুষ্ঠানে গান গেয়ে ব্রাজিল বিশ্বকাপের অংশ হয়ে গেছেন শাকিরা। তবে নিজের পারফরম্যান্সে নয়, কলম্বিয়ান সংগীতসম্রাজ্ঞী উচ্ছ্বসিত নিজ দলের অসাধারণ পারফরম্যান্সে। বিশেষ করে তরুণ স্ট্রাইকার হামেস রদ্রিগেজের জন্য শাকিরা গর্বিত। ২৩ বছর বয়সী তরুণের কাঁধে চেপেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে কলম্বিয়া। সেখানে ব্রাজিলের কাছে হারলেও রদ্রিগেজ করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ গোল, জিতেছেন গোল্ডেন বুট। দলের সাফল্যে শাকিরার উচ্ছ্বাস, ‘আমরা যেভাবে খেলেছি, আমি গর্বিত। বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি আমাদেরও প্রতিভাবান খেলোয়াড় আছে। হামেস রদ্রিগেজ দেখিয়েছে সে কী করতে পারে।’ গোলডটকম।
প্রতিশ্রুতি
বিশ্বকাপ শেষ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অপেক্ষা শুরু। পরশু মারাকানার ফাইনালের পর ব্রাজিলের কাছ থেকে উত্তরাধিকার ব্যাটন নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে রুশ প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন অবিস্মরণীয় এক বিশ্বকাপ উপহার দেওয়ার। এ বছরই শীতকালীন অলিম্পিক আয়োজন করে দারুণ সফল রাশিয়া। খরচ ৫০ বিলিয়ন ডলার। চার বছর পর বিশ্বকাপ ফুটবল আয়োজনেও একই রকম সফল হতে চান পুতিন, ‘আমরা জানি, একটা টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজনের সত্যিকার চ্যালেঞ্জটা কী।’ রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুটকো জানিয়েছেন, প্রাথমিকভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনে ব্যয় ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার। এর অর্ধেক অর্থের জোগান দেওয়া হবে বেসরকারি খাত থেকে। বাকি অর্ধেক রাশিয়ার আটটি আঞ্চলিক সরকারের বাজেট থেকে নেওয়ার কথা। এএফপি।