নানাজনের নানা অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি লিগের দাপটে গত মৌসুমে শেষ পর্যন্ত জাতীয় লিগের এক দিনের টুর্নামেন্ট আর হয়ইনি। চলতি মৌসুমেও এই সময়টায় মাঠে থাকার কথা ছিল চার দিনের ম্যাচ। কিন্তু বৃষ্টি ও নানা ঘটনাচক্রে প্রথম শ্রেণীর টুর্নামেন্টটা শুরু হয়েও স্থগিত হয়ে গেছে। তার বদলে আজ একটু আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে জাতীয় লিগের এক দিনের টুর্নামেন্ট। বগুড়া থেকে ফোনে রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ বলছিলেন, ‘এবার আমাদের শিরোপা ফিরে পাওয়ার লড়াই।’ সর্বশেষ টুর্নামেন্টে রাজশাহীর কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছিল বরিশাল। তিনবারের চ্যাম্পিয়ন রাজশাহীর কাছে তাই এটি শিরোপা ফিরে পাওয়ার লড়াই-ই। আবার বরিশালের জন্য ধরে রাখার। অন্য দলগুলোর নিজস্ব চাওয়া-পাওয়া আছে। তবে এবারের টুর্নামেন্ট অনেক বেশি তাৎপর্যপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়ের ব্যক্তিগত লড়াইয়ের কারণে। মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, অলক কাপালিদের কাছে লড়াইটা বাংলাদেশ দলে ফেরার লড়াই। অলক-আফতাব আইসিএল থেকে ফেরার পর এখন পর্যন্ত খুব ভালো কিছু করতে পারেননি। একসময় জাতীয় দলে নিয়মিত দুই ব্যাটসম্যানের দেশের মাটিতে বিশ্বকাপ খেলাটাই এখন ঘোর অনিশ্চিত।বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লিগ আছে, আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও। কিন্তু কার্যত অলক-আফতাবের জন্য জাতীয় লিগের এই টুর্নামেন্টটি চূড়ান্ত সুযোগ। তাঁরা নিজেরাও জানেন, এখানে দারুণ কিছু করতে না পারলে বিশ্বকাপটা টেলিভিশনেই দেখতে হবে। অলক যেমন বলছিলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলতে পারেন এটাকে। জাতীয় দলে ফিরতে হলে এখন রান করার কোনো বিকল্প নেই। জাতীয় লিগে শুধু ভালো রান করলে চলবে না, জাতীয় দলের খেলোয়াড়দের চেয়েও ভালো করতে হবে। সেটাই করতে চাই।’আশরাফুলের জন্য ব্যাপারটা এ রকম শিরে সংক্রান্তি নয়। তিনি ভালোভাবেই নির্বাচকদের বিবেচনায় আছেন; অপেক্ষা শুধু তাঁর রানে ফেরার। আশরাফুল অবশ্য দাবি করছেন তিনি রানেই আছেন, ‘এটা আসলে বেশ মজার একটা সমস্যা। আমি বেশ কিছুদিন ধরেই বলছি, ভালো ব্যাট করছি, কিন্তু রান করে তা করে দেখানোর সুযোগ পাচ্ছি না। চার দিনের যে একটা ম্যাচ হলো, তাতেই কিন্তু সেঞ্চুরি করেছি। আমি আত্মবিশ্বাসী, এই টুর্নামেন্টে বেশ ভালো রান করে জাতীয় দলে ফিরব।’তা যদি আশরাফুল পারেন, তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যাঁরা খেলেছেন, তাঁদের কারও কপাল পুড়বে। চাপটা বেশি অনুভব করার কথা রকিবুল হাসান ও জুনায়েদ সিদ্দিকের। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন সফল সিরিজেও বড় হয়ে চোখে পড়েছে তাঁদের ব্যর্থতা। আশরাফুল-আফতাব-অলক ফেরার লড়াইয়ে, নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থেকেও খেলার সুযোগ পাননি জহুরুল ইসলাম—রকিবুল ও জুনায়েদের জন্যও জাতীয় লিগের এই আসর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।গুরুত্বপূর্ণ দুই ওপেনার ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীসের জন্যও। নিউজিল্যান্ডের বিপক্ষে খারাপ করেননি, কিন্তু বাইরে যে বসে আছেন তামিম ইকবাল! তামিম অবশ্য আর বেশি দিন বসে থাকছেনও না। নিজেই বললেন, ‘সবকিছু ঠিক থাকলে প্রথম পর্বের শেষ ম্যাচেই মাঠে নামব।’চোটের জন্য বাইরে থাকা মাশরাফি বিন মুর্তজা অবশ্য এই টুর্নামেন্টে খেলছেনই না। অন্য পেসারদের লড়াইটা তাই বাইরে থেকেই দেখবেন বাংলাদেশের অধিনায়ক। সেই লড়াইটাও ভালোই জমার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই চোট পেয়ে পরের তিন ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন মাশরাফি ও নাজমুল। তাঁদের জায়গায় সুযোগ পেয়ে রুবেল দুর্দান্ত বোলিং করেছেন, শফিউলও খারাপ করেননি। মাশরাফি-নাজমুলের ইনজুরিতে দলে ডাক পেয়েছিলেন সৈয়দ রাসেল ও ডলার মাহমুদ। ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে নির্বাচকদের বিবেচনায় যে তাঁরা ভালোভাবেই আছেন, এই বার্তা তো পেয়েছেন। দুজনই তাই নিজেদের উজাড় করে দিতে চাইবেন। নাজমুলও তৃতীয় রাউন্ড থেকেই খেলার আশা করছেন।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আলো ছড়ানো সাকিব আল হাসান ও রুবেল হোসেনকে আজ রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচে পাচ্ছে না খুলনা। সাকিবকে কবে পাবে বা আদৌ পাবে কি না, এটাও নিশ্চিত নয়। সেই ইংল্যান্ড সফর থেকে টানা খেলার ক্লান্তি দূর করতে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। প্রথম আলোয় লেখা কলামেই জানিয়ে দিয়েছেন, এই টুর্নামেন্টে শুধু ঢাকায় খেলা হলেই খেলার সম্ভাবনা আছে তাঁর। প্রথম রাউন্ডে ঢাকায় খুলনার একটিই ম্যাচ। আগামী ২৯ অক্টোবর মিরপুরে সিলেটের বিপক্ষে। দর্শকেরা কি সাকিব-দর্শন পাবে সেদিন?