গত বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি ফ্রান্সের। ফাইনালের সেই হতাশাতেই কী না এরপর থেকেই ফ্রান্সের ফুটবলের ইতিহাস নিচে নেমে যাওয়ার গল্পগাথা। এবারের বিশ্বকাপেও দলটিকে কেউ তেমন একটা গণনায় ধরছে না। এর কারণ দলটির কোনো ফুটবলারই বলার মতো ফর্মে নেই। তার পরও অভিজ্ঞ দল হিসেবে অভিজ্ঞতার ওপর ভর করেই সব হিসাবকে উল্টে দিতে চাচ্ছে দলটি। ১৯৯৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০০৬ সালের রানার্সআপ ফ্রান্স দলটিতে কেবল সমস্যা আর সমস্যা। আশাবাদী হওয়ার মতো কোনো খবর নেই দলটির। নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না অধিনায়ক থিয়েরি অঁরি। অথচ ফ্রান্স যদি বিশ্বকাপে ভালো করতে চায়, তাহলে থিয়েরি অঁরির ঝলসে ওঠা ছাড়া কোনো বিকল্প নেই। ২০০৬ সালের বিশ্বকাপ খেলে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন জিনেদিন জিদান। জিদানের বিদায়ের পর চার বছর চলে গেলেও তাঁর জায়গা নেওয়ার মতো এখনো পর্যন্ত কোনো ফুটবলার আসেনি ফ্রান্স দলে। ফ্রাংক রিবেরিকে তাঁর কাছাকাছি ভাবা হলেও নানামুখী বিতর্কের কারণে রিবেরি এখন ফ্রান্স দলের বোঝায় পরিণত হয়েছেন। শঙ্কিত হওয়ার ব্যাপার হচ্ছে—রিবেরির বিরুদ্ধে ‘পতিতা’ ব্যবসার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে পুরো ব্যাপারটি নিয়েই তদন্তে নেমেছে পুলিশ। রিবেরির এখন ফুটবল নিয়ে ভাবার সময় কোথায়? রিবেরির এই ঘটনা বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর রেমন্ড ডমেনেখকে ফ্রান্সের কোচ নিযুক্ত করা হয়। সে সময়ের একেবারেই অখ্যাত ডমেনেখ ২০০৬ সালে ফ্রান্সকে নিয়ে যান বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। ফাইনালে জিততে না পারলেও কোচ হিসেবে চাকরি বহাল ছিল তাঁর। তবে ফ্রান্সকে এখনও পর্যন্ত কোনো কিছুই উপহার দিতে পারেননি তিনি। এবারের বিশ্বকাপের ফল যাই হোক, বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই ডমেনেখকে বিদায় নিতে হবে। তবে বিদায়ের আগে ফ্রান্সকে ভালো কিছু উপহার দিয়ে যেতে চান তিনি। ডমেনেখ ফ্রান্সের বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক আলাপচারিতায় বলেছেন, ‘এখন ফর্ম যাই হোক, আমার বিশ্বাস বিশ্বকাপের সময় অবশ্যই ঘুরে দাঁড়াবে ফ্রান্সের ফুটবলাররা। এখন যা দরকার তা হলো আত্মবিশ্বাসটা বজায় রেখে নিজেদের সেরা খেলাটা খেলা। থিরেরি অঁরির অফ ফর্ম সম্পর্কে ডমেনেখ বলেন, অঁরির আসলেই কোনো তুলনা হয় না। ওর ওপর আমার বিশ্বাস রয়েছে। যদি সে অর্ধেক সুযোগও কাজে লাগাতে পারে—তাই ফ্রান্সের জন্য যথেষ্ট হবে।’