নাপোলিতে ফিরতে চান ম্যারাডোনা
ঠিক নিজের বাড়ি নয়। আবার নেপলস ম্যারাডোনার বাড়ির চেয়েও বেশি কিছু। এই শহরেরই ক্লাব নাপোলির ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলো এসেছিল আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের হাত ধরে। প্রিয় ক্লাবটিতে ম্যারাডোনার সাত বছরের ক্যারিয়ার এতটাই জ্বলজ্বলে যে নাপোলি সমর্থকেরা অনেকে সত্যিই বিশ্বাস করে—ম্যারাডোনার রূপ ধরে সে সময় স্বয়ং ঈশ্বর খেলেছেন তাদের ক্লাবে! এমন যে ভালোবাসার বন্ধন সেটা কি আর দূরে থাকলেই আলগা হয়ে যায়? হয়নি বলেই অনেক দিন পর ইতালিতে ফিরে ম্যারাডোনাও জানালেন—যদি সুযোগ আসে তবে কোচ হয়ে একসময় নাপোলিতে ফিরতে চান তিনি।
ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত আয়োজিত নিজের জীবনী নিয়ে তৈরি ডিভিডির প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হয়ে ম্যারাডোনা এখন ইতালিতে। প্রত্যাবর্তনটা অবশ্য খুব সুখকর হয়নি। পৌঁছামাত্রই ইতালিয়ান আয়কর বিভাগ তাঁর হাতে ৩৯ মিলিয়ন ইউরোর বকেয়া রসিদ ধরিয়ে দিয়েছে। ম্যারাডোনা অবশ্য এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। দীর্ঘদিন পর প্রিয় ক্লাবের কাছাকাছি এসে তিনি যেন আক্রান্ত নস্টালজিয়ায়। সরাসরিই বলে দিলেন, ‘রাফায়েল বেনিতেজ দায়িত্ব ছেড়ে দিলে আমি নাপোলির কোচ হতে চাই।’
কোচিং ক্যারিয়ার অবশ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের মতো জ্বলজ্বলে নয় মোটেও। এটা জেনেও কি নাপোলি তাঁকে কোচ করার ঝুঁকি নেবে? এএফপি।