নাপোলিতে ফিরতে চান ম্যারাডোনা
যেন পরশপাথর নিয়ে এসেছিলেন নাপোলিতে। মাত্র দুবার ইতালিয়ান লিগ জিতেছে নাপোলি। দুবারই তাঁর সময়। নাপোলির তিনটি ইতালিয়ান কাপের একটি জিতিয়েছেন। একমাত্র ইউরোপিয়ান ট্রফি উয়েফা কাপও (এখনকার ইউরোপা লিগ) তাঁর সময়েই জেতা। সাধারণ একটি দলকে অসাধারণ বানিয়ে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই নাপোলিতেই আবার ফিরতে চান। এবার কোচ হয়ে।আল ওয়াসলে যে মন টিকছে না, এ কথা ম্যারাডোনা নিজেই বলেছেন। এবার তাঁর সাবেক এক নাপোলি-সতীর্থ ব্রুনো জিওর্দানো জানালেন, ম্যারাডোনা নাপোলিতে ফিরে আসতে চান। ম্যারাডোনার কাছের এই বন্ধু বলেছেন, ‘ম্যারাডোনা আবারও নেপলসে ফিরে আসার স্বপ্ন দেখে। ও এরই মধ্যে বেশ ভালো কোচ হয়ে উঠেছে। ইউরোপের সেরা ক্লাবের কোচ হওয়ার যোগ্যতা আছে ওর। কোচ হিসেবে ও প্রতিনিয়ত উন্নতি করছে। মাঠে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে কাটায়। তা ছাড়া ও নাপোলির ম্যাচগুলো নিয়মিত দেখে। লাভেজ্জিকেও (নাপোলির আর্জেন্টাইন ফরোয়ার্ড) ওর খুব পছন্দ।’নাপোলি আবার হারানো সুদিন ফিরিয়ে আনতে চায়। গতবার সিরি ‘আ’তে তৃতীয় হয়েছে তারা। জায়গা করে নিয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে। বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ভিয়ারিয়ালদের সঙ্গে একই গ্রুপে পড়েও উঠে এসেছে দ্বিতীয় রাউন্ডে। নাপোলিতে ফেরার প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্য পাওয়া যায়নি। তবে আরব আমিরাত লিগে টানা তিন জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর পর আল ওয়াসল কোচকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। পরশু বানি ইয়াসকে ১-০ গোলে হারানোর পর ম্যারাডোনা ফ্যাবিও ক্যাপেলোর পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেছেন। তাঁর ধারণা, ক্যাপেলোকে ছাঁটাই করার পথ খুঁজছিল ইংল্যান্ড। জন টেরির সৌজন্যে সেই মনোবাসনা পূরণ হয়েছে তাদের। ওয়েবসাইট।