পরাজয়ের হতাশা আবারও ঘিরে ধরেছে ইন্টার মিলানকে। পরশু সিরি ‘আ’তে নিজেদের মাঠে নাপোলির কাছে বিধ্বস্ত হয়েছে ৩-০ গোলে।নতুন মৌসুমের শুরু থেকেই ধুঁকছে ১৮ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’র প্রথম তিন ম্যাচে কোনো জয় না পাওয়া এবং চ্যাম্পিয়নস লিগে অখ্যাত ত্রাবজনস্পোরের কাছে হেরে যাওয়া—সব মিলিয়ে কোচ জিয়ানপিয়েরো গাসপেরিনিকে বরখাস্ত হতে হয়। নতুন কোচ ক্লদিও রানিয়েরি এসে চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কো আর সিরি ‘আ’তে বোলোনিয়ার বিপক্ষে জিতিয়েছেন দলকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইন্টার। ভেবেছিল দুর্ভাগ্যকে তাড়ানো গেছে।আসলে যায়নি। দুর্ভাগ্য পিছু নিয়েছে ইন্টারের। নাপোলির বিপক্ষে ম্যাচে সেটাই পরিষ্কার হয়েছে। নতুন কোচ রানিয়েরি সত্যিই দুর্ভাগ্যের ছোঁয়া দেখছেন এ ম্যাচে। এই দুর্ভাগ্য নাকি ডেকে এনেছেন রেফারি! ‘ম্যাচটা পক্ষপাতদুষ্ট ছিল।’ জোয়েল ওবিকে লাল কার্ড দেখানো আর পেনাল্টি দেওয়াকে পক্ষপাতদুষ্ট বলছেন রানিয়েরি। দুই হলুদ কার্ড দেখে ৪১ মিনিটে মাঠ ছাড়তে হয় ওবিকে। টিভি রিপ্লে দেখিয়েছে ঠিক ট্যাকলই করেছিলেন ওবি, কিন্তু তাঁকে দেখতে হয় হলুদ কার্ড। দ্বিতীয় ফাউলটি করেছিলেন বক্সের বাইরে। কিন্তু রেফারি তাঁকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টির নির্দেশ দেন। হামসিকের নেওয়া পেনাল্টিটি অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন হুলিও সিজার, কিন্তু ফিরতি বলে গোল করেন হুগো কাম্পনারো। এর পর মাজ্জিও ও হামসিক ব্যবধান করেন ৩-০। রেফারিং প্রশ্নবিদ্ধ ইংলিশ লিগেও। লিভারপুল ২-০ গোলে হারিয়েছে এভারটনকে। ২৩ মিনিটে লাল কার্ড দেখেন এভারটনের রডওয়েল। এভারটন ১০ জনের দল হয়ে যাওয়ার পরই লিভারপুল দাপট দেখাতে শুরু করে এবং জয় নিয়ে ফেরে। এভারটনের কোচ মানতে পারছেন না এই লাল কার্ড। টিভি রিপ্লেও দেখিয়েছে, ওই ফাউলের জন্য লাল কার্ড হয় না।তবে কোনো বিতর্ক ছাড়াই বড় জয় পেয়েছে তেভেজ-কাণ্ডের পর মাঠে নামা ম্যানচেস্টার সিটি। ৪-০ গোলে হারিয়েছে তারা ব্ল্যাকবার্নকে। গোল করেছেন জনসন, বালোতেল্লি, নাসরি ও স্যাভিচ। অ্যান্ডারসন ও ওয়েলবেকের গোলে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে নরউইচকে। কাল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাটট্রিকে বোল্টনকে ৫-১ গোলে হারিয়েছে চেলসি। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহামের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্সেনাল। আর ইতালিতে এএস রোমা আটালান্টাকে হারিয়েছে ৩-১ গোলে। রোমার গোল তিনটি করেছেন কিরকিচ, অসভাল্ডো ও সিম্পলিসিও। স্প্যানিশ লিগে দুবার পিছিয়ে পড়েও গেটাফের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে মালাগা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গিয়েছিল তারা। কাল রাতে বার্সেলোনা, রিয়াল বেটিস বা লেভান্তে জিতে থাকলে মালাগাকে ছেড়ে দিতে হবে শীর্ষস্থান। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ গোলশূন্য ড্র করেছে হফেনহেইমের সঙ্গে। দল ড্র করলেও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার হয়তো এত হতাশ হবেন না। বায়ার্নের পোস্টের নিচে ১০০০ মিনিট গোল না খেয়ে কেটে গেছে তাঁর। ১০৩৮ মিনিট গোল না খেয়ে থাকা নয়্যার ধীরে ধীরে এগিয়ে চলছেন রেকর্ডের দিকে। গোল না খেয়ে বেশি সময় কাটানোর ইউরোপিয়ান রেকর্ডটা ১৩৯০ মিনিটের। বিশ্ব রেকর্ড ১৮১৬ মিনিট। এফপি।