নাপোলির পুনর্জন্মের নায়ক কাভানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডিসন নামের একজন আছেন ফুটবলে। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক বিজ্ঞানী এডিসনের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছিল তাঁর নাম। ফুটবলে সত্যিই আলো এনেছিলেন যিনি। অবশ্য ‘এডিসন’ বা ‘এডসন’ নামে নয়; তিনি বিখ্যাত হয়ে আছেন পেলে নামেই।তাঁর নাম ঠিক এডিসন নয়, এডিনসন। তবে আলো এনেছেন তিনিও। অন্ধকারে হারিয়ে যাওয়া নাপোলি আবারও আলোতে এসেছে তাঁর হাত ধরেই। একসময় ডিয়েগো ম্যারাডোনা নামের এক পরশপাথরের স্পর্শে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে উঠেছিল নাপোলি। কিন্তু ম্যারাডোনা-অধ্যায় শেষে তারা হারিয়েও গিয়েছিল। সেই নাপোলি গতবার ইতালিয়ান লিগ শেষ করেছে তিনে থেকে। এবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল। নাপোলির এই পুনর্জন্মের নায়ক বলতে পারেন এডিনসন কাভানিকে।গত মৌসুমে ৪৭ ম্যাচে ৩৩ গোল করেছিলেন। এই মৌসুমেও দারুণ ফর্মে আছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। পরশু তাঁর জোড়া গোলেই ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে নাপোলি। আর এই জয়ই দ্বিতীয় রাউন্ডের আশা উজ্জ্বল করে তুলেছে। এবারের চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৪ গোল কাভানির। তাঁর চেয়ে বেশি গোল করেছেন শুধু দুজন।লড়াকু স্বভাবের বলে সতীর্থরা ডাকে ‘এল ম্যাটাডর’ নামে। তবে মাঠ আর মাঠের বাইরে কাভানি যেন ভিন্ন দুটো মানুষ। বল পায়ে যতটা সপ্রতিভ, মাঠের বাইরে ততটাই লাজুক। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে জন্ম নেওয়া এই ২৪ বছর বয়সী যেন অনিঃশেষ ভালোবাসার এক হূদয়েরও অধিকারী। এবং দারুণ স্বপ্নবাজও। যখন প্রসঙ্গ এল নাপোলি কত দূর যাওয়ার স্বপ্ন দেখে, কথার স্রোতে আর বাঁধ তুলে দিলেন না। জানিয়ে দিলেন, স্বপ্ন তাদের অনেক বড়।চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনটাতেই ‘এ’ গ্রুপটা কপালে চোখ তুলে দিয়েছিল অনেকের। বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি, নাপোলির সঙ্গে ভিয়ারিয়াল। সত্যিকারের ‘গ্রুপ অব ডেথ’। বায়ার্নের সঙ্গী হয়ে দ্বিতীয় রাউন্ডে কে যাবে—বেশির ভাগই বলেছিল সিটির নাম। কিন্তু আরব ধনকুবেরের এই ক্লাবটির মোট বাজেটের এক-দশমাংশের দল হয়েও সেই নাপোলিই এখন এগিয়ে। কাভানিও বলছেন, ‘আমরা প্রথম দিন থেকেই জানতাম, চ্যাম্পিয়নস লিগে সিটিকে আমরা হারাতে পারব। শুধু সিটি কেন, গ্রুপের বাকি সবগুলো দলের সঙ্গেই আমরা লড়াই করতে পারব। আমরা সব সময়ই জয়ের জন্যই খেলি, নিজেকে শতভাগ উজাড় করে দেওয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামি।’ইতালির সীমা ছাড়িয়ে ফুটবল-বিশ্বে নাপোলিকে পরিচিত করেছিলেন ম্যারাডোনা। নতুন করে চেনানোর কৃতিত্বটা কাভানিরই প্রাপ্য। ওয়েবসাইট।