নাফিসের 'দম ফুঁক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোঙায় ফুঁ দিয়ে চুলায় আগুন জ্বালানোর দৃশ্য এখন নিভৃত গ্রামেও খুব একটা দেখা যায় না। গ্রামবাংলার সেই ঐতিহ্যকে আধুনিকতার মোড়কে ধারণ করে আসছে ‘দম ফুঁক’। চট্টগ্রাম শহরের লালখান বাজারের ইস্পাহানী চত্বরে আজ থেকে যাত্রা শুরু করছে ভারতীয় খাবারের এই রেস্টুরেন্ট। চোঙায় ফুঁ দিয়ে এখানে চুলা জ্বালানো হবে না, তবে রেস্টুরেন্টের নামে বাঁচিয়ে রাখা হয়েছে ওই ঐতিহ্যই। ভাবছেন খেলার পাতায় রেস্টুরেন্টের খবর কেন? এটির অন্যতম স্বত্বাধিকারী যে ক্রিকেটার নাফিস ইকবাল! বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক শোনালেন পেছনের গল্প, ‘চট্টগ্রামে আমাদের পরিবার ভোজনরসিক হিসেবেই পরিচিত। আমি, তামিম বা আকরাম চাচ্চু, সবাই বেশ খেতে পছন্দ করি। আমার দাদার প্রথম ব্যবসাও ছিল রেস্টুরেন্ট। আমিও তাই এটা দিয়েই শুরু করলাম। আরও পাঁচ-ছয় বছর ক্রিকেট খেলব, পরে আরও বড় পরিসরে করব হয়তো।’ এক সপ্তাহ ধরে ট্রায়াল চলছে, আজ হবে প্রাথমিক উদ্বোধন। তবে নাফিসের রেস্টুরেন্টের জাঁকজমকপূর্ণ দ্বার উন্মোচনটা হবে আরও কদিন পর।