নাফীসের সেঞ্চুরিতে সামান্য প্রতিরোধ
বাংলাদেশ ‘এ’ দলের সামনে জয়ের জন্য ৪৩০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’। প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া দলের জন্য লক্ষ্যটা পর্বততুল্য। তাই হয়েছে। পর্বত ছোট হয়নি। পরাজয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। তবে সেঞ্চুরি করে পরাজয়ের ব্যবধানটা কিছু কমিয়েছেন এবং সময়টা দীর্ঘায়িত করছেন শাহরিয়ার নাফীস। বাঁহাতি এই ওপেনারের ১৩৩ রানের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ৭ উইকেটে ২৩৩ রান করেছে। হাতে আছে ৩ উইকেট, কিন্তু ‘জয়’টা ১৯৭ রান দূরে!চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেই ম্যাচের দখল যায় ওয়েস্ট ইন্ডিয়ানদের হাতে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ২৮৫ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল অলআউট হয় ১২৫ রানে। ২ উইকেটে ১৬২ রান করে ৩২২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ডাওলিনের দল।আগের দিন অপরাজিত এডওয়ার্ডসের ৭২ রানে ৬ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সোহরাওয়ার্দী শুভ ৩ উইকেট নিয়েছেন ১০৪ রান খরচায়।বিশাল রান তাড়া করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের শুরুটা শাহরিয়ার নাফীস-কেন্দ্রিক। এক প্রান্তে শাহরিয়ার ব্যাট করে গেছেন, অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। ১০৪ রানে ৫ উইকেট হারানোর পর নাফীসের সঙ্গে ইনিংসটাকে একটু স্থিতিশীল করেছিলেন উইকেটকিপার সগীর হোসেন।ষষ্ঠ উইকেটে শাহরিয়ার-সগীরের ১২৬ রানের জুটি ভেঙেছে বাকেরের বলে শাহরিয়ার বোল্ড হয়ে ফেরায়। আউট হওয়ার আগে ১৭০ বলে ২১টি চার ও ১টি ছয়ে ১৩৩ রান করেছেন শাহরিয়ার। দলীয় স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই শিলিংফোর্ডের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১০৬ বলে ১০টি চারসহ ৪৭ রান করা সগীর। এই দুজনের আউট অনেকটাই নিশ্চিত করে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের পরাজয়। এখন অপেক্ষা বাকি ৩ উইকেটে কতদূর যেতে পারে বাংলাদেশিরা।