নাভিদ আলম 'দুঃখিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভিদ আলম
নাভিদ আলম

শেষ দুই মিনিটে তিন গোল হজম করাটা কিছুতেই মেনে নিতে পারছেন না জাতীয় হকি দলের কোচ নাভিদ আলম। তাঁর মতে, শেষ কয়েক মিনিটে দায়িত্ব পালনে খেলোয়াড়েরা ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই পরাজয়ের ব্যবধানটা বড় হয়েছে। একই সঙ্গে বড় পরাজয়ের জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। দক্ষিণ কোরিয়া প্রতিপক্ষ হিসেবে অনেক শক্তিধর হওয়ায় পরাজয়কে স্বাভাবিকভাবেই মেনে নিতে চান নাভিদ। তবে তিনি স্বীকার করেছেন, দিনের শেষে পরাজয়ের ব্যবধানটা বেশ বড়ই হয়ে গেছে। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘প্রথমার্ধে দল ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধের শেষদিকে এসেই সমস্যাটা হয়ে গেছে। কয়েকটি ভুলেই ব্যবধানটা বড় হয়ে গেছে।’

আন্তর্জাতিক হকিকে অনেক কঠিন আখ্যা দিয়ে সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন নাভিদ, ‘আন্তর্জাতিক অঙ্গন অনেক কঠিন। এখানে রাতারাতি ভালো ফল আসবে না। একটু ধৈর্য ধরতে হবে। খেলোয়াড়দের আন্তর্জাতিক হকির মেজাজটা বুঝতে হবে।’

নাভিদ আলম কোরিয়ার সঙ্গে বড় পরাজয়ের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না। তিনি বলেছেন, ‘বড় পরাজয়ের জন্য আমি সত্যিই দুঃখিত। কোরিয়া আমাদের চেয়ে অনেক অনেক শক্তিশালী দল। আন্তর্জাতিক হকিতে শর্টকাটের কোনো জায়গা নেই। ভালো দল হিসেবে দাঁড়াতে হলে সময় দিতেই হবে।’

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দলের খেলায় কোনো পরিকল্পনার ছাপ ছিল না—এ কথা মানতে রাজি নন নাভিদ আলম, ‘একটা নির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই ছিল। খেলোয়াড়েরা সে অনুযায়ীই খেলেছে। তবে প্রয়োগে একটু ঘাটতি ছিল। দক্ষিণ কোরিয়া বড় দল, শক্তিশালী দল ওই ঘাটতিগুলোকেই কাজে লাগিয়েছে।’

ওমানের বিপক্ষে আগামীকাল জয়ের শতভাগ আশাবাদ নাভিদের, ‘ইনশাআল্লাহ, আজকের ম্যাচের ভুলগুলো শুধরে কাল নতুন করেই শুরু করবে বাংলাদেশ। ওমানের বিপক্ষে আমরা জিতব।’