নাভিদ আলমের ক্লাসে জিমিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটজন খেলোয়াড়কে তিনটি করে বল দিয়ে দিচ্ছেন। কখনো কখনো চারটি। দ্রুত বল দেওয়া-নেওয়া করে ‘চোখের দৃষ্টি’ বাড়ানোর কৌশল রপ্ত করার আকর্ষণীয় এক পর্ব। এটা পাসিং খেলাকে নিখুঁত করারও একটা চেষ্টা।মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল সকাল সাড়ে ৮টায় জাতীয় হকি দলের অনুশীলনের একটা খণ্ড চিত্র এটা। এমন আরও অনেক কিছু জোড়া লাগিয়ে একটা পূর্ণাঙ্গ অনুশীলন সেশন হলো। নতুন পাকিস্তানি কোচ নাভিদ আলম শিষ্যদের নিয়ে এশিয়া কাপের প্রস্তুতিতে নেমেছেন সকাল সাড়ে ৭টায়। টানা তিন ঘণ্টার কঠোর পরিশ্রম শেষে খেলোয়াড়েরা ঘেমে-নেয়ে একাকার হলেন। কিন্তু সবারই মুখে তৃপ্তির ছাপ। নতুন কিছু শেখার আনন্দ। একটু আগে বল ও স্টিকের সম্পর্ক নিবিড় করে তুলতে চাওয়া অনুশীলনে নতুনত্ব খুঁজে পেয়েছেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন, ‘হকি খেলা বল আর স্টিকের সেতুবন্ধ। অন্য বিদেশি কোচের কাছেও এই অনুশীলনটা করেছি। কিন্তু নাভিদ স্যারের অনুশীলনে স্টিকের সঙ্গে বলের সংযোগ কত সুন্দর হতে পারে, নতুন করে বুঝলাম।’১৯৯৪ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য নাভিদ। পরে পাকিস্তানের কোচও ছিলেন। নিজে ডিফেন্ডার ছিলেন বলে বাংলাদেশের দায়িত্ব নিয়ে রক্ষণকাজেই আপাতত বেশি মনোযোগ দিয়েছেন। অনুশীলন শেষে সেটিই বললেন, ‘আমি ছিলাম একজন কড়া ট্যাকলার। আমাকে ফাঁকি দেওয়া ফরোয়ার্ডদের জন্য কঠিন ছিল। দু-তিনজনকে একাই আটকে দিতাম। ওই কৌশলগুলো এদের শেখাতে চাই।’হল্যান্ড-বেলজিয়ামে কোচিং করিয়েছেন। সেই সুবাদে ৪৩ বছর বয়সী কোচকে ‘এশিয়া-ইউরোপে মিশ্রণ’ মনে হচ্ছে ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লবের কাছে। জার্মানি-ফেরত বিপ্লব অনুশীলনের পর ঘর্মাক্ত শরীরে টেন্টে বসে বলছিলেন, ‘এই কদিনে বুঝলাম, ইনি স্কিল-পাওয়ার দুটোর ওপরই জোর দিচ্ছেন। অনেক কোচের অনুশীলনে দেখা যায়, অনেকে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই কোচ সবাইকে ব্যস্ত রাখছেন।’দায়িত্ব নিয়ে কাল পর্যন্ত সকাল-বিকেল তিন ঘণ্টার ১৪টি সেশন করেছেন। কাল নাভিদের অনুশীলনের বড় অংশজুড়েই থাকল রক্ষণকাজ ও ফিটনেসপর্ব। বরাবরের মতো পেনাল্টি কর্নারও থাকল। বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টি কর্নারে হিট বা ড্র্যাগ ফ্লিক মাঝখান দিয়ে করেন। কিন্তু নাভিদ চান হিট বা ফ্লিক যেন দুই পাশ থেকেই নেওয়া হয় যাতে প্রতিপক্ষ ধোঁকা খায়। এটা অনুশীলনের পর নিজের ছোট বোর্ডে এঁকেও দেখালেন এই প্রতিবেদককে।খেলোয়াড়ি জীবনে নাভিদ নিজেও ছিলেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। তাই পেনাল্টি কর্নার নিয়ে তাঁর সঙ্গে কাজ করে মজা পাচ্ছেন চয়নরা। আসলে একেক কোচের সঙ্গে খেলোয়াড়দের অভিজ্ঞতা একেক রকম। জার্মান কোচ পিটার গেরহার্ড ছিলেন অতি-আক্রমণাত্মক। তিনি বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন। সম্প্রতি চীনকে হারানোর মতো সাফল্য সেটিরই ফসল বলেন অনেকে। তারও আগে পাকিস্তানের কামার ইব্রাহিম চাইতেন খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা যেন খুব ভালো হয়। জার্মান ইয়র্ক শুমাখার রক্ষণে জোর দিয়ে প্রতিপক্ষের ভুল কাজে লাগানোর ওপর জোর দিতেন। নাভিদ অবশ্যই পূর্বসূরিদের চেয়ে একটু ভিন্ন। তাঁকে আধুনিকতা আর প্রথাগত পাকিস্তানি ধারার মিশ্রণ মনে করছেন স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি, ‘পাকিস্তান যেভাবে ম্যান মার্কিং, সাইড চেজিং, বল নিয়ে একটু কারিকুরি, ছোট ছোট পাসে খেলে...এই কোচ সেগুলোর ওপরই নজর দিচ্ছেন বেশি।’ অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় আবার দেখা হতেই জিমিকে জড়িয়ে ধরলেন নাভিদ, ‘জিমি, ক্যারি অন, এশিয়া কাপে তোমাকে সেরা খেলোয়াড় হতে হবে। তুমি বাংলাদেশের হকির বড় একটা বিজ্ঞাপন।’আগের তিন দিন জ্বর নিয়েই অনুশীলন করিয়েছেন জিমিদের নতুন গুরু। কাল একটু ভালো ছিলেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি। কাজের প্রতি নিজের আত্মনিবেদন বোঝাতে হাসতে হাসতে নাভিদ দিলেন একটা উদাহরণও, ‘তরুণ বয়সে আমার প্রেমিকা প্রায়ই অভিযোগ করত, তুমি সারা দিন হকি নিয়েই পড়ে থাক কেন? এখনো আমি তেমনই আছি।’এই নিবেদনের উৎস মানেন পূর্বসূরি দুরন্ত গতির, ‘ফ্লাইং হর্স’খ্যাত সামিউল্লাহ খানকে, যিনি ১৯৮০ বিশ্বকাপে ছিলেন পাকিস্তানের অধিনায়ক। নিজেই বললেন, ‘সামিউল্লাহ খান আমার আদর্শ, যাঁর খেলা দেখে বড় হয়েছি।’এখন কোচ হয়ে জহুরির ভূমিকায় নেমে দেখছেন বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত স্কিল ভালোই। কিন্তু ছোট ছোট ভাগ হয়ে খেলতে গেলেই এঁদের যত সমস্যা। ফুটে ওঠে সমন্বয়ের অভাব। এটা নিয়েও আলাদা করে কাজ করছেন। দুই প্রান্ত থেকেই বক্সে ক্রস, ফ্রি-হিট, সবকিছুই শতভাগ নিখুঁত হতে হবে—এটাই নাভিদের মন্ত্র।বাংলাদেশের হকির জন্য এটা কি নতুন দিনের বার্তাও?