নাভিদের বিদায় ও কিছু প্রশ্ন

এশিয়ান গেমসে ভালো কিছু করতে পারলেও তাঁর চাকরি নবায়ন হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। সেই সম্ভাবনাকে উল্টো দিকে নিতে পারলেন না জাতীয় হকি দলের কোচ নাভিদ আলম। এশিয়াডে দলের পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে এই পাকিস্তানিকে বিদায়ই বলে দিচ্ছে হকি ফেডারেশন। দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় ফিরে ৫ অক্টোবর তাঁর দেশে ফিরে যাওয়ার কথা।
নাভিদ আলমের বিদায় স্বাভাবিক ধরে নিলেও কিছু প্রশ্ন এসে দাঁড়াচ্ছে সামনে। দলের পারফরম্যান্স খারাপ হলে নাভিদের নিয়োগ কি তাহলে ভুল ছিল? ভুল না হলে তাঁকে কি সেরা দলটা দেওয়া হয়েছে?
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলছেন, ‘নাভিদকে নিয়োগ দিয়ে আমরা ভুল করিনি। সে কিছু সাফল্য দিয়েছে। তবে আমরা যা প্রত্যাশা করেছিলাম, সেটা পূরণ হয়নি। তাই আর রাখছি না। তা ছাড়া টাকাও একটা ব্যাপার। কোচের জন্য দেওয়া জনতা ব্যাংকের টাকাও এখন প্রায় শেষ পর্যায়ে।’
পারফরম্যান্স খারাপ, না কোচের বেতন-তহবিল শেষ? দুটির তাৎপর্য দুই রকম। ব্যাপারটা খোলাসা করলেন রহমতউল্লাহ, ‘নাভিদের পারফরম্যান্সই ওর বিদায়ের মূল কারণ। পারফরম্যান্স ভালো হলে টাকা বড় বাধা হতো না।’
দুবার নবায়নের পর এশিয়াড পর্যন্ত চুক্তি ছিল পাকিস্তান জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডারের। খেলোয়াড়দের আন্দোলনের মুখে ঘরোয়া হকির ঝঞ্ঝাবিক্ষুব্ধ অবস্থায় বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ১৫ মাস আগে। পরপরই এশিয়া কাপে গিয়ে ভরাডুবি। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে জিমি-জাহিদসহ চার সিনিয়র খেলোয়াড় তিন বছর নিষিদ্ধ হন জাতীয় দলে। তারুণ্যনির্ভর অনভিজ্ঞ জাতীয় দল এশিয়ান গেমসের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্যাশামতোই। বিশ্ব হকি লিগের বাছাইপর্বেও বাংলাদেশ সেরা, তবে এই পর্বে বাংলাদেশ দলের খেলা ছিল হতাশাজনক। চলতি এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ গোলে হার বড় একটা লজ্জা। সিঙ্গাপুরকে হারালেও (২-১) সবার মতে ব্যবধানটা বড় হওয়া উচিত ছিল। এ অবস্থায় কেউ কেউ দলে সিনিয়র খেলোয়াড়ের অভাব দেখছেন।
তবে অভিজ্ঞ কোচ কাওসার আলী বললেন, ‘আমি মনে করি না জিমি-জাহিদরা থাকলে এশিয়াডে এর চেয়ে ভালো ফল হতো।’ রহমতউল্লাহরও একই কথা, ‘নিষিদ্ধ খেলোয়াড়দের নিয়ে ভালো করার নিশ্চয়তা ছিল না। তাদের নিয়ে আগেও ফল খারাপ হয়েছে।’ বলা প্রয়োজন, নাভিদও জিমিদের দলে চাননি। হকি ফেডারেশনের কোচিং কমিটির সম্পাদক সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল তাই বলছেন, ‘নাভিদকে সেরা দলটাই দেওয়া হয়েছে। প্রত্যাশা পূরণ হয়নি সেটা ভিন্ন কথা।’
প্রত্যাশা পূরণে একজন কোচের জন্য ১৫ মাস সময় পর্যাপ্ত কি না সে প্রশ্নও আছে। কেননা এ দেশের ক্লাব কোচিং শক্তিশালী নয়, জাতীয় দলের ক্যাম্পে এসেই অনেক কিছু শেখেন খেলোয়াড়েরা। জাতীয় দলের সাবেক কোচ মাহবুব হারুন মনে করেন, ‘কোচকে অন্তত দু-তিন বছর সময় দিতে হবে। নইলে কোচ এনে কোনো লাভ নেই।’ তবে রহমতউল্লাহর কথা, নাভিদকে দেওয়া ১৫ মাস সময় কম নয়। মানসম্মত খেলোয়াড় তৈরির ওপর গুরুত্ব দিয়ে কাওসার আলী বলছেন, ‘প্রত্যাশিত ফল না পাওয়ায় তাঁকে বিদায় দেওয়া ঠিকই আছে।’
রহমতউল্লাহ এখন চোখ রাখছেন ইউরোপিয়ান কোচের ওপর। কিন্তু ইউরোপীয় কোচ নাকি লম্বা সময়ের জন্য আসতে চায় না, বেতনও বেশি। তাই জানুয়ারিতে সিঙ্গাপুরে জাতীয় দলের বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত স্থানীয় কোচই তাঁর ভরসা। এরপর আসতে পারেন নতুন কোচ। নতুন যিনি আসবেন, জাতীয় দলের ভিত্তি গড়তে নতুন করেই শুরু করতে হবে তাঁকে।