নাম তার ক্লাদিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস আর সারা। একজনের বয়স ২৯, অন্যজনের ২৫। লেস্টার সিটি-অন্তঃপ্রাণ দুজনই এবং সেই সূত্রেই দুজনের প্রেম ও পরিণয়। তাতে লাভই হয়েছে, আগে একা একা খেলা দেখতে হতো, এখন লেস্টার শহরের ক্লারেনডন এলাকার বাসিন্দা এই দম্পতি একসঙ্গে লেস্টারের ম্যাচ দেখেন। গত সোমবার লেস্টার ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর দুজনের আনন্দ যেন আর ধরে না। তাঁদের আনন্দটা বাকি সবার চেয়ে একটু বেশি, কারণ এর মাত্র তিন দিন আগেই পৃথিবীতে এসেছে জেমস আর সারা দম্পতির প্রথম সন্তান। লেস্টারের অবিশ্বাস্য এবং ঐতিহাসিক জয়ে এই দুই পাঁড় ভক্ত এতটাই আনন্দিত যে প্রিয় ক্লাবের কোচ ক্লদিও রানিয়েরির নামের সঙ্গে মিলিয়ে তাঁরা তাঁদের কন্যাসন্তানের নামও রেখেছেন ক্লাদিয়া! এই না হলে আবার সমর্থক! বিবিসি।