নাম বদলে অন্য ক্লাবে নিবন্ধন!
গত ১৩ এপ্রিল শেষ হয়েছে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় দফা দলবদল। এরই মধ্যে দ্বিতীয় পর্বে প্রতিটি দলের প্রায় চার-পাঁচটি করে ম্যাচও শেষ হয়েছে। নতুন করে খেলোয়াড় নিবন্ধনের কোনো সুযোগ নেই। তার পরও ১২ মে শেখ জামালের সঙ্গে ম্যাচে বিজেএমসির খেলোয়াড় তালিকায় দেখা গেছে নতুন একজনের নাম। ২৮ নম্বর জার্সিধারী ওই খেলোয়াড়ের নাম নবী নেওয়াজ (জীবন)।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর বারিধারার ফরোয়ার্ড মোহাম্মদ জীবনই নাম বদলে নবী নেওয়াজ জীবন নামে নিবন্ধন করেছেন। এই ফুটবলারকে নিয়ে বিজেএমসির সঙ্গে উত্তর বারিধারার ঝামেলা মৌসুমের শুরু থেকেই। চ্যাম্পিয়নশিপ লিগে গত মৌসুমে উত্তর বারিধারার হয়ে খেলেছিলেন জীবন। ওই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবাদে অনেক ক্লাব থেকেই প্রস্তাব পেয়েছিলেন । এই মৌসুমে বারিধারার হয়েই খেলার কথা ছিল তাঁর। তবে বিজেএমসিতে খেলার প্রস্তাব পাওয়ায় বারিধারায় আর খেলতে রাজি হননি তিনি। এরই মধ্যে বিজেএমসি থেকে টাকাও নিয়েছেন, কিন্তু খেলতে পারছেন না। বিজেএমসি যদিও জীবনকে খেলানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিম কোনো খেলোয়াড়ের বিধিবহির্ভূতভাবে খেলার বিরুদ্ধে, ‘লিগ কমিটির সভায় এখনো তাকে অন্য ক্লাবে খেলার ব্যাপারে অনুমতি দিইনি আমরা। বারিধারা ছাড়পত্র না দিলে তার বিজেএমসিতে খেলা উচিত হবে না।’ লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী কিন্তু বলছেন অন্য কথা, ‘জীবনকে খেলানোর ব্যাপারে দুই ক্লাবের সমঝোতা হয়েছে। একটা ক্লাব থেকে টাকা নেওয়ার পর যদি কোনো খেলোয়াড় খেলতে না পারে সেটা দুঃখজনক। আমরা চাই সে খেলুক।’